
গাজীপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বোমাসদৃশ একটি লাল বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির পাশে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গাড়িটি ব্যবহার করতেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্বে উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) পদেও আছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় শ্রমিক আন্দোলন চলছিল। আন্দোলনের খবর পেয়ে সেখানে যাচ্ছিলেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। পথে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িটির গতিরোধ করেন। পরে তাঁরা গাড়িটি ভাঙচুর করে একপর্যায়ে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের স্টেশনটির কর্মকর্তা হিরণ মিয়া জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দাবি করে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুর্বৃত্তরা সেটিতে অগ্নিসংযোগ করেছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বোমাসদৃশ একটি লাল বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সন্ধ্যার পর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বস্তুটি দেখতে পান তাঁরা। পরে পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বস্তুটি দেখতে অনেকটা বোমা বা ককটেলের মতো। এর বাইরের অংশ লাল রঙের বাটির মতো। সেখান থেকে তার বের করা রয়েছে। লাল বাটির ওপর ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা আছে। এর নিচে লেখা ‘এমকে ডট’। বস্তুটি দেখতে আশপাশের লোকজন ফুটপাতে ভিড় করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। বস্তুটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।