
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪০তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য মো. নূরুল আলমের অভিভাষণ ও বাজেটের ওপর আলোচনাকালে বিএনপিপন্থী শিক্ষকেরা ১০ মিনিটের জন্য ওয়াকআউট করেন।
বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সিনেট হলে আজ শনিবার বেলা ৩টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে। বিএনপিপন্থী শিক্ষকদের ওয়াকআউটের ঘোষণা দেওয়ার পর ক্ষিপ্ত হয়ে আপত্তিকর শব্দ ব্যবহারসহ চড়াও হন আওয়ামীপন্থী সিনেট সদস্য মোতাহার হোসেন মোল্লা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্যের ভাষণের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর ফোরামের সদস্যসচিব শামছুল আলম মেয়াদোত্তীর্ণ সিনেট-সিন্ডিকেটসহ সব পর্ষদে নির্বাচন না দেওয়ার প্রতিবাদে ১০ মিনিটের জন্য সিনেট অধিবেশন ওয়াকআউটের ঘোষণা দেন। এ সময় আওয়ামীপন্থী সিনেট সদস্য মোতাহার হোসেন মোল্লা বিএনপিপন্থী সিনেটর শামসুল আলমকে ‘বেয়াদব, এটা ফাজলামো করার জায়গা না’ ইত্যাদি বললে তর্কে জড়ান আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী সিনেট সদস্যরা। এ সময় তাঁদের মধ্যে তিন-চার মিনিটের মতো হট্টগোল চলে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ মিনিটের জন্য ওয়াকআউটে যান বিএনপিপন্থী সিনেটররা। এ সময় সিনেট ভবন থেকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আট সিনেটর বের হয়ে যান।
সিনেট অধিবেশন থেকে বের হয়ে বিএনপিপন্থী সিনেট সদস্য কামরুল আহসান সাংবাদিকদের বলেন, ‘এই প্রশাসনকে বারবার বলার পরও বিভিন্ন প্রশাসনিক পর্ষদে নির্বাচন দেয়নি। এ যৌক্তিক কথা বলার জন্য এভাবে অপমানিত হতে হয়। ওই সিনেট সদস্যের বলা “বেয়াদব” শব্দটি সিনেট অধিবেশন থেকে এক্সপাঞ্জ করতে হবে।’
এদিকে ১০ মিনিট ওয়াকআউটে থাকার সময় সিনেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম অধিবেশনের আলোচ্যসূচি সিনেট থেকে পাস করিয়ে নেন।