
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন ওরফে মন্টুর বিরুদ্ধে উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মারমুখী আচরণ করার অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে উপজেলায় কর্মরত ২০ জন সরকারি কর্মকর্তা তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ৩১ মে এ অভিযোগ দেওয়া হলেও আজ সোমবার বিষয়টি জানাজানি হয়।
লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, উপজেলা সমবায় কর্মকর্তাসহ ২০ জন সরকারি কর্মকর্তা।
অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়মিত অফিস করেন না। তাঁরা ঢাকায় প্রশিক্ষণের নাম করে গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে আসেন। আমার কাছে লোকজন ওই অফিসের সেবা না পেয়ে ফিরে এসে অভিযোগ করেন। আমি তাঁদের নিয়মিত অফিস করার জন্য বলেছি। ওই তিন কর্মকর্তা ছাড়া অন্য কোনো সরকারি কর্মকর্তা বলতে পারবেন না যে আমি তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেছি।’
লিখিত অভিযোগে ২০ জন কর্মকর্তার স্বাক্ষর রয়েছে, জানালে উপজেলা চেয়ারম্যান বলেন, ওই স্বাক্ষর সম্পর্কে অনেক কর্মকর্তাই জানেন না। অনেক স্বাক্ষর জাল করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মারমুখী আচরণ করে আসছেন। তিনি দলীয় প্রভাব খাটিয়ে সমন্বয় সভাসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রমে নিয়মবহির্ভূত বিভিন্ন সুপারিশ করে থাকেন। কোনো কারণে তাঁর সুপারিশ পালন না করলে তিনি কর্মকর্তাদের অশ্লীল ভাষায় গালাগাল করেন ও লোক পাঠিয়ে হুমকি দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ মে উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে প্রকাশ্য হুমকি দিয়ে গোলাম হোসেন বলেন, ‘এ উপজেলায় আজকের পর থেকে কীভাবে চাকরি করেন, দেখব।’ এর আগে তিনি কোনো কোনো সরকারি কর্মকর্তাকে লাথি মেরে ফেলা দেওয়ার হুমকি দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌল্লা প্রথম আলোকে বলেন, ‘আলাদাভাবে বলার কিছু নেই। আমরা ইউএনওর কাছে আমাদের সমস্যার কথা লিখিতভাবে বলেছি। লিখিত অভিযোগটিই আমাদের বক্তব্য।’
ইউএনও শোভন রাংসা প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁরা নিরাপত্তাহীনতা ও অপমানবোধে ভুগছেন। তাঁদের অভিযোগপত্রটি আমি জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি।’
লিখিত অভিযোগটি পেয়েছেন জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।