চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে আমকেন্দ্রিক শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি জামায়াতের আমিরের

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘৫৪ বছরের অপশাসন দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। এ থেকে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, মুক্তি চায়। পুরাতন বন্দোবস্ত আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে পড়েছিলেন, বলেছিলেন “উই ওয়ান্ট জাস্টিস”। তার মানে ন্যায়বিচার নাই। সেই ন্যায়বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই, ইনশাআল্লাহ। রাজার জন্য যে বিচার, সকলের জন্যও সেই বিচার।’ আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী উল্লেখ করে শফিকুর রহমান আমকেন্দ্রিক শিল্প ও চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদীকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিসহ দেশব্যাপী নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

হেলিকপ্টারে করে আজ বেলা পৌনে একটার দিকে শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে নামেন। পরে পাশেই কলেজ মাঠে হেঁটে এসে তিনি মঞ্চে ওঠেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিস্তাপার থেকে সমুদ্রপার, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সব জায়গায় আজ মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের গণজোয়ার সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জও তার গর্বিত অংশীদার।

নারীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘মা-বোনদের জন্য আমাদের স্পষ্ট অঙ্গীকার—আপনাদের অবদান বহুবিধ, তার প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ঋণ পরিশোধ করাও সম্ভব নয়। কিন্তু সেই চেষ্টা করতে হবে। দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই, সর্বস্তরে আপনাদের অধিকার ও মর্যাদা। দ্বিতীয়টি হচ্ছে, আপনাদের নিরাপত্তা।’

জনসভায় শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী মু. মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলামের হাতে দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।

জেলা জামায়াতের আমির আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তিন আসনের প্রার্থী ছাড়াও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগা) সহসভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম (সাদ্দাম) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন (রনি) প্রমুখ।