নেত্রকোনা

হাওরে ৫৬ শতাংশ ধান কাটা শেষ

জেলায় ছোট-বড় ১৩৪টি হাওরসহ নিম্নাঞ্চলে এবার ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

সোনালি ধানে ভরপুর হাওর। চারদিকে উৎসব। খেত থেকে পাকা বোরো ধান ট্রলিতে নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। গত সোমবার কিশোরগঞ্জের করিমগঞ্জের বড় হাওরে
ছবি: তাফসিলুল আজিজ

নেত্রকোনার হাওরসহ নিম্নাঞ্চলে বোরো ধান কাটা ৫৬ ভাগ শেষ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি, কলমাকান্দাসহ বিভিন্ন এলাকায় এসব খেতের বোরো ধান কাটা হয়ে গেছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ ধান কাটা হয়ে যাবে বলে আশা তাঁর।

মোহাম্মদ নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, জেলায় ছোট-বড় ১৩৪টি হাওরসহ নিম্নাঞ্চলে এবার ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রি-২৮, ব্রি-৮৮–সহ উচ্চ ফলনশীল হাইব্রিড ধান ৫৬ শতাংশ কাটা হয়েছে। শ্রমিকের পাশাপাশি সাত শতাধিক কম্বাইন হারভেস্টারে ধান কাটা চলছে। প্রাকৃতিক কোনো রকম দুর্যোগ না হলে এক সপ্তাহের মধ্যে হাওরে আবাদ করা শতভাগ জমির ধান কাটা সম্ভব হবে।

স্থানীয় কৃষক ও জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ১১ লাখ ৮০ হাজার ১৬২ মেট্রিক টন ধান। এর মধ্যে হাওরে ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমি রয়েছে। ১০ দিন ধরে এসব খেতের পাকা ধান কাটতে শুরু করেন কৃষকেরা।

এবার এখন পর্যন্ত হাওরে পানি না আসায় ও কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না হওয়ায় কৃষকেরা স্বস্তিতে ধান কাটছেন। প্রচণ্ড রোদ থাকায় ধান শুকাতেও কোনো রকম বেগ পেতে হচ্ছে না। শ্রমিকদের পাশাপাশি সাত শতাধিক কম্বাইন মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে। গত সোমবার পর্যন্ত হাওরাঞ্চলের অর্ধেকের বেশি জমির ধান কাটা শেষ হয়েছে। যেভাবে ধান কাটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে, আশা স্থানীয় লোকজনেরও।

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘বাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোনো বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই। কৃষকেরা যাতে নির্বিঘ্নে ফসল কেটে ঘরে তুলতে পারেন, সে জন্য আমরা ছুটি বাতিল করে সর্বক্ষণ মাঠে রয়েছি।’

এদিকে সরকারিভাবে এখনো ধান ক্রয় শুরু না হওয়ায় প্রান্তিক কৃষকেরা স্থানীয় হাটবাজারে ও মহাজনদের কাছে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। খালিয়াজুরির পুরানহাটি গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘এবার অহনো পানি না আওনে আর কোনো দুর্যোগ না হওয়ায় আমরা নিরাপদে ধান কাটতে পারছি। তবে সরকার এখনো ধান কিনা শুরু না করায় এলাকার বাজারে ধান বিক্রি করতে হচ্ছে।’

জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবীর জানান, আগামী ৭ মে থেকে ধান সংগ্রহের অভিযান শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ধান প্রতি কেজি ৩০ টাকা দরে নির্ধারণ করা হয়েছে।