
পাবনার বেড়া উপজেলায় দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী হিসেবে চাল, আটা, ডাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, সাবান ও লবণ বিতরণ করেছেন শিক্ষার্থীরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেড়া পৌর এলাকার সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে ৫০০ দরিদ্র মানুষের মধ্যে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।
ঈদসামগ্রী পেয়ে বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার মালতী খাতুন বলেন, ‘খুব আনন্দ হতেছে, ঈদের আগে জিনিসগুলো খুব দরকার ছিল। অভাবের সংসারে এই উপহারে কষ্ট ম্যালা খানিকই দূর হবি।’
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই টাকার বিনিময়ে দরিদ্রদের হাতে ১১ ধরনের ঈদসামগ্রী তুলে দেন। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দুই টাকায় আমেজ’। ঈদসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস ও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী।
সংগঠনটির সভাপতি মেহেরাব হোসেন বলেন, ‘স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে আমরা এই কাজ শুরু করেছিলাম। এখন অনেকেই আমাদের পাশে দাঁড়াচ্ছেন। সবার সহযোগিতা পেয়েই এবারও অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে পারলাম।’
বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস বলেন, ‘মানবকল্যাণে বেড়ার এই শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। তাদের কাছ থেকে দেশের অন্য এলাকার শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে বলে আমার বিশ্বাস।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, ঈদ সামনে রেখে বেড়ার অসহায় দরিদ্রদের মধ্যে সরকারিভাবে পর্যাপ্ত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে দরিদ্রদের জন্য সহায়তার এমন কর্মসূচি অবশ্যই অনুকরণীয় দৃষ্টান্ত। এসব শিক্ষার্থী দীর্ঘদিন ধরেই মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রায় আট বছর আগে সরকারি বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী সংগঠনটি প্রতিষ্ঠা করে। তারা টিফিনের টাকা বাঁচিয়ে অসহায় মানুষকে সহায়তা দেওয়া শুরু করে। তাদের কার্যক্রম দেখে অনেক সচ্ছল ও ধনাঢ্য ব্যক্তি অর্থ সহায়তা করেন। বর্তমানে সংগঠনটির সঙ্গে বেড়া উপজেলাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী যুক্ত আছে।