দুই মাস আগেও পাঠদান, পড়ালেখা ও গবেষণায় ব্যস্ত ছিলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম ফেরদৌস। এখন তাঁকে হাসপাতাল ও চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত।
গোলাম ফেরদৌস (৪৮) বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক। শারীরিক অসুস্থতার কারণে তিনি চলতি বছরের ১৬ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন, তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত।
চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে গোলাম ফেরদৌসের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন (বিএমটি) বা স্টেম সেল প্রতিস্থাপন করতে হবে। এতে ব্যয় হবে প্রায় ৭৫ লাখ টাকা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গোলাম ফেরদৌসের চিকিৎসায় তাঁদের জমানো প্রায় সব অর্থই খরচ হয়ে গেছে। বর্তমানে পরিবারের পক্ষে তাঁর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কাউন্সিলভুক্ত প্রতিষ্ঠান, কৃষিবিদ ইনস্টিটিউশনসহ দেশ ও বিদেশের বিত্তবান ব্যক্তিদের প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।
গোলাম ফেরদৌস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। তিনি ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন। ২০২১ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এ ছাড়া বিভিন্ন সময় তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে উন্নয়নমূলক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম: গোলাম ফেরদৌসের ব্যক্তিগত ব্যাংক হিসাব, অগ্রণী ব্যাংক লিমিটেড, বিএসএমআরএসটিইউ শাখা, গোপালগঞ্জ, সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১২৭৯৭৩৮৩। অথবা বিকাশ করতে পারেন। তাঁর ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট ০১৭১২-৭৯৪২০৩।