
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্বামীর বাড়ি থেকে এক অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের সলইপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই নারীর স্বামী লাশ ঘরে রেখে পালিয়েছেন।
রিপা খাতুন (২৭) নামের ওই নারী রাজশাহীর বাঘা উপজেলার মল্লিকবাঘা গ্রামের আনছার ফকিরের মেয়ে। তাঁর স্বামী কবির হোসেন (৩০) সলইপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
রিপার পরিবার দাবি করেছে, পরকীয়ায় বাধা দেওয়ায় গতকাল বিকেলে কবির হোসেন অন্তঃসত্ত্বা রিপাকে মারধর করেন। এরপর রাতে তিনি মারা যান।
বাগাতিপাড়া থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যার পর চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা কবির হোসেনের শোবার ঘরে গিয়ে রিপা খাতুনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর স্বামী কবির হোসেন পালিয়ে যান। প্রতিবেশীরা রিপাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে রিপার ভাই ও মা হাসপাতালে ছুটে আসেন। সেখানে চিকিৎসক তাঁদের বলেন, রিপা অনেক আগেই মারা গেছে। খবর দেওয়া হলে পুলিশ হাসপাতালে এসে রিপার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ বুধবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রিপা খাতুনের বড় ভাই মুশিকুল ইসলাম বলেন, প্রায় ১১ বছর আগে ভালোবেসে তাঁর বোনকে বিয়ে করেন কবির হোসেন। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। মৃত্যুকালে রিপা অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর তাঁরা সুখেই ছিলেন। তিনি বলেন, সম্প্রতি কবির হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়লে স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই বাগ্বিতণ্ডা হতো। গতকাল বিকেলে ফোন করে রিপা তাঁকে বলেন, তাঁর স্বামী তাঁকে মারধর করছেন। তিনি আর সহ্য করতে পারছেন না। পালিয়ে বাবার বাড়িতে চলে আসতে চান। সন্ধ্যার মধ্যে না আসায় তিনি বোনের মুঠোফোন নম্বরে কল দিলে প্রতিবেশী এক নারী ফোন ধরেন। এ সময় তাঁর বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওই নারী। খবর পেয়ে মা ও অন্য বোনদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে এসে রিপাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিহত রিপা খাতুনের শ্বশুর মুনসুর রহমান জানান, কী কারণে, কীভাবে রিপা খাতুন মারা গেছেন, তা তিনি জানেন না।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রিতা হাওলাদার বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে রিপা নামের ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে পরবর্তী করণীয় ঠিক করা হবে। ঘটনার পর থেকে নিহত রিপার স্বামী কবির হোসেন পলাতক।