ভাঙ্গায় নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে নিখোঁজের এক দিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। আজ বুধবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মৃত ওই শিশুর নাম দিয়ান খান (৮)। সে উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের তানজীর হায়াত খানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে দিয়ান বড়। শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী ছিল।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দিয়ান মঙ্গলবার বিকেলে একই গ্রামে অবস্থিত তাঁর মায়ের নানা মোসলেম উদ্দিনের বাড়ির পাশে মোবাইল নিয়ে খেলা করছিল। এ সময় তার সঙ্গে অন্য কোনো শিশু ছিল না। সন্ধ্যা হওয়ার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। গ্রাম তন্ন তন্ন করে খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় বুধবার সকালে দিয়ানের বাবা ভাঙ্গা থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার দুপুরে এলাকাবাসী দিয়ানের লাশ নানাবাড়ির পাশে একটি পুকুরে ভাসতে দেখেন। পরে এলাকাবাসীর সহায়তায় পরিবারের সদস্যরা মৃত অবস্থায় দিয়ানকে পুকুর থেকে পাড়ে তুলে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম শহিদুল্লাহ বলেন, শিশুটি প্রতিবন্ধী ছিল। ধারণা করা হচ্ছে, শিশুটি কোনো কারণে পুকুরপাড়ে যায়। একপর্যায়ে পা পিছলে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, দিয়ানের নানাবাড়ির পাশের পুকুরে বুধবার দুপুরে তার লাশ পাওয়া যায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।