
খুলনার কয়রা উপজেলায় তিন মণ হরিণের মাংসসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবনসংলগ্ন কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে অভিযান চালিয়ে কোস্টগার্ড কয়রা স্টেশনের সদস্যরা তাঁকে আটক করেন। জব্দ করা মাংসসহ ওই যুবককে সুন্দরবনের আন্ধারমানিক বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়। পরে বন আইনের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম শাহ আলম (৩৫)। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শেমারী এলাকায়।
সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, জব্দ করা হরিণের মাংসসহ যুবককে দক্ষিণ বেদকাশীর সুন্দরবনের আন্ধারমানিক ও খাশিটানা বন টহল ফাঁড়ির মাঝামাঝি এলাকা থেকে আটক করা হয়।
আন্ধারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন বলেন, এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে বন আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ওই এলাকায় একটি ছোট নদী পেরোলেই সুন্দরবনের গহিন জঙ্গল। হরিণশিকারিরা রাতের বেলায় গোপনে সুন্দরবনে ঢুকে নাইলনের দড়ির একধরনের ফাঁদ ব্যবহার করে হরিণের নিয়মিত যাতায়াতের পথে পেতে রাখেন। চলাচলের সময় হরিণগুলো সেই ফাঁদে আটকে যায়। তারপর বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হরিণের মাংস বিক্রি করা হয়।
কয়রা উপজেলার সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় প্রথম আলোকে বলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং ও আংটিহারা এলাকায় হরিণশিকারি চক্র বেশি। এই চক্রকে ধরতে ঝুঁকি নিয়ে কাজ করছেন বনরক্ষীরা।