লক্ষ্মীপুরে একটি অটোরিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে বাসের চাপায় যূথী আক্তার (২০) নামের এক নারী এবং তাঁর দুই বছর বয়সী ছেলে মো. সিয়াম নিহত হয়েছে। আহত হয়েছেন ওই নারীর স্বামীসহ আরও তিনজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যূথী আক্তার সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকার কুয়েতপ্রবাসী শরীফ হোসেনের স্ত্রী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে গতকাল রাতে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে তাঁর ছেলে মো. সিয়ামের।
যূথীর বাবা রহমত উল্যা জানান, বুকে ব্যথা ওঠায় যূথীকে অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। কাচারিবাড়ি এলাকায় পৌঁছালে শাহী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। বাসটি জোনাকি পরিবহনের একটি বাসকে অতিক্রম করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনায় যূথী ও তাঁর ছেলে নিহত হয়েছে। যূথীর স্বামী শরীফ, শরীফের ভাগনে রাজা মিয়া ও অটোরিকশাচালক দুর্ঘটনায় আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ প্রথম আলোকে বলেন, বাসের চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত নারীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।