উত্তরার বিজিবি মার্কেটের এই আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের উত্তরা ও টঙ্গীর ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায়
উত্তরার বিজিবি মার্কেটের এই আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের উত্তরা ও টঙ্গীর ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায়

উত্তরার বিজিবি মার্কেটে আগুন, ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের উত্তরা ও টঙ্গীর ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

একতলা টিনশেড মার্কেটটি উত্তরার ৭ নম্বরে সেক্টরে অবস্থিত। এটি উত্তরার নর্থ টাওয়ার ও সাইদগ্র্যান্ড সেন্টারের মাঝামাঝি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত। মোটরসাইকেল ও গাড়ির যন্ত্রাংশের মার্কেট হিসেবে এটি পরিচিত। এতে দোকান আছে প্রায় ৬৫টি।

আজ বেলা ১১টার দিকে সরেজমিন মার্কেট এলাকায় দেখা যায়, মার্কেটের বিভিন্ন দোকান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল। ক্রমেই বড় হচ্ছিল ধোঁয়ার কুণ্ডলী। দোকানিরা তাড়াহুড়া করে মালামাল বের করে নিচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছিল উত্তরা ও টঙ্গীর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। পরে বেলা ১১টার ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে দেখা যায়।

ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার পর দোকানদারেরা দোকানের মালামাল বের করে আনেন। আজ বেলা ১১টার দিকে উত্তরার বিজিবি মার্কেটে

ফায়ার সার্ভিস জোন-৩-এর উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা ১১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নেভাতে টঙ্গী ও উত্তরার সব মিলিয়ে ৬টি ইউনিট কাজ করেছে।’

মার্কেটে গাড়ির সিট ও কাভারের দোকান আছে মো. ইয়াসিনের। আগুনে তাঁর দোকানের কিছু মালামাল পুড়ে গেছে। তিনি প্রথম আলোকে বলেন, বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এরপর সেখান থেকে ক্রমেই ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। তিনি ও তাঁর লোকজন কোনোরকমে দোকানের কিছু মালামাল বের করে আনেন। বাকি অনেক মালামাল পুড়ে গেছে। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে কয়েক লাখ টাকার মালামাল তুলেছিলাম। এখন আমার সব শেষ। আগুন সব কেড়ে নিচ্ছে।’