
কুমিল্লা থেকে সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো বাতাসে ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা অন্য যাত্রীরা অপর একটি ট্রলারের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশসহ সংশ্লিষ্টরা।
নিহত রাশিদা বেগম (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। নিখোঁজ রয়েছেন হেলালউদ্দিন (৫৪), তাঁর ছেলে সজীব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌ পুলিশের পাশাপাশি থানা–পুলিশ কাজ করে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বিকেলে কুমিল্লার হোমনার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহ্ পরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে আসছিলেন ১৩ আত্মীয়স্বজন। ট্রলারটিতে যাত্রী ছাড়াও দুটি গরু ও একটি খাসি ছিল। বিকেলে সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে পৌঁছানোর পর হঠাৎ নদীতে ঝোড়ো বাতাস শুরু হয়। এতে নদীতে বড় ঢেউ সৃষ্টি হলে ট্রলারে পানি উঠতে শুরু করে এবং একপর্যায়ে এটি ডুবে যায়।
এ সময় কাছাকাছি থাকা আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা আটজনকে জীবিত উদ্ধার করে। আধাঘণ্টা পর নদী থেকে রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করা হলেও চারজন নিখোঁজ থাকেন। মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি।
ট্রলারের মাঝি আহম্মেদ আলীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ওসমান গণি প্রথম আলোকে বলেন, কুমিল্লা থেকে সোনারগাঁয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঝোড়ো বাতাসের কারণে ট্রলারে পানি উঠে সেটি ডুবে যায়। ট্রলারে ১৩ জন যাত্রী, দুটি গরু ও একটি ছাগল ছিল। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নদীতে ট্রলার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল রওনা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন। তিনি বলেন, রাত হওয়ায় নদীতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। শুক্রবার সকালে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করা হবে।