ভাঙনের কারণে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি হুমকির মুখে আছে। খুঁটিগুলো নদে চলে গেলে ১৫টি গ্রাম বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়বে।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ঝিনাই (স্থানীয় ব্যক্তিদের ভাষায় বউমরা) ও বংশাই নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বাজার, ফসলি জমি, ঘরবাড়ি ঝুঁকিতে রয়েছে। কয়েকটি বিদ্যুতের খুঁটিও হুমকির মুখে রয়েছে। ছয়-সাত দিন ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় নদের তীরবর্তী মানুষ দিশাহারা হয়ে পড়েছেন।
স্থানীয় লোকজন বলেন, ভাঙনের ফলে গত কয়েক বছরে ফতেপুর ইউনিয়নের এলাকার একটি মন্দিরসহ ২০০ একর জমি ও দুই শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। সর্বশেষ গত শুক্রবার রাতে ফতেপুর বাজারের একাংশ নদে বিলীন হয়ে গেছে। এ ছাড়া মির্জাপুরের একাব্বর হোসেন সেতু, চাকলেশ্বর উচ্চবিদ্যালয়, থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী বাজারও ঝুঁকিতে আছে।
শুক্রবার সরেজমিন দেখা যায়, ঝিনাই নদের থলপাড়া, ফতেপুর বাজার, বাদ্যকর পাড়া, হিলড়া, কাটাখালী বাজার, চাকলেশ্বর এবং বংশাই নদের গোড়াইল, ত্রিমোহন, কুমারজানী ও দেওহাটা এলাকায় ভাঙন চলছে। এর মধ্যে ঝিনাই নদের ফতেপুর ও থলপাড়া এবং বংশাই নদের গোড়াইল ও কুমারজানীতে ভাঙনের তীব্রতা বেশি। মির্জাপুরের কুর্ণী-ফতেপুর সড়কের ফতেপুর বাজারের দক্ষিণ পাশে প্রায় ৩০০ ফুট পাকা সড়ক ভেঙে গেছে। প্রায় তিন বছর আগে কাটাখালী বাজার থেকে বৈলানপুর পর্যন্ত রাস্তায় একটি সেতুসহ প্রায় ৫০০ ফুট পাকা রাস্তা ভেঙে যায়। যেখানে পাকা রাস্তা করা সম্ভব হয়নি। প্রায় দুই কিলোমিটার ঘুরে হিলড়া গ্রামের ভেতর দিয়ে লোকজন যাতায়াত করেন।
কাটাখালী বাজারের পূর্ব পাশের বাসিন্দা তায়েব হোসেন বলেন, গত বছর ভাঙনের কারণে ঝিনাই নদে বিলীন হওয়ার আগমুহূর্তে কর্তৃপক্ষ বিদ্যুতের খুঁটির তার সরিয়ে নেয়। এ বছর সেখানে থাকা তিনটি খুঁটির মধ্যে একটি নদে পড়ে গেছে। বর্তমানে বিদ্যুতের তিনটি ট্রান্সফরমারসহ আরও কয়েকটি খুঁটি ঝুঁকিতে পড়েছে। মাত্র দুই থেকে আড়াই হাত ভাঙলেই তা নদে চলে যাবে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে তার সরিয়ে নিতে জানানো হয়েছে, কিন্তু তাতে লাভ হচ্ছে না। ওই খুঁটি বা তার নদে গেলে থলপাড়া, ফতেপুর, সুতানড়ী, পারদিঘী, হিলড়া, আদাবাড়িসহ আশপাশের অন্তত ১৫টি গ্রাম বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়বে।
স্থানীয় কয়েকজন বলেন, নদের বিভিন্ন স্থানে প্রতিবছর খননযন্ত্র দিয়ে বালু তোলা হয়। বর্ষার শুরুতেই নদে পানি বৃদ্ধির সঙ্গে ব্যাপক ভাঙন শুরু হয়েছে।
থলপাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় ঝিনাই নদের পাশে ভাঙনের তীব্রতার কারণে আবাদি জমি নদে বিলীন হচ্ছে। দরিদ্র সংখ্যালঘু পরিবারের সদস্যরা জমি, ফসল রক্ষা করতে পারছেন না। তাঁরা ঘরের বেড়া, চাল সরিয়ে নিচ্ছেন। কৃষক রতন সরকার বলেন, ‘আগে আমাগো জমি ভাঙত না। দুই বছর ধইর্যা বেশি ভাঙতাছে। ১ পাকি (৫৬ শতক) জমিতে পাট বুনছিলাম। ভাঙনের কারণে তার ফলন পামু না। আর ১৫ দিন থাকলেই ১৪-১৫ আত বড় অইতো। পাট তো গেলোই। গম বুনি, মাষকলাই বুনি। এই জমিতে তিন-চ্যারডা ফসল অইতো। অহন জমিও শ্যাষ, ফসলও শ্যাষ।’
এলাকার লোকজন বলেন, নদে খননযন্ত্র দিয়ে বালু তোলা হয়। যার কারণে তাঁদের ভিটে নদে চলে গেছে। বালু তোলা বন্ধের জন্য তাঁরা অনেকের কাছে ধরনা দিয়েছেন, কিন্তু লাভ হয়নি।
স্থানীয় বাসিন্দা মির্জাপুর সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী তপু চন্দ্র দাস বলেন, ‘লোকজন অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটে। বড় বড় ট্রলার যায়। আমাদের জমিজমা নেই। ভিটাটুকুই ছিল। তা–ও শেষ হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি।’
সুজন চন্দ্র জানান, নদে ভাঙনের কারণে গত তিন বছরে এলাকার কমপক্ষে ৭৫টি বাড়ি বিলীন হয়েছে। অন্তত ২৫ একর জমি নদীতে গেছে। ওই এলাকায় বিদ্যুতের একটি খুঁটি, মন্দির, বসতঘর, পামওয়েলসহ বিভিন্ন বনজ ও ফলদ গাছ, আবাদি জমি ঝুঁকিতে রয়েছে। কিন্তু তাঁদের দিকে কেউ তাকাচ্ছেন না।
মুঠোফোনে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, গত শুক্রবার তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। যেসব এলাকা বেশি ভাঙনের কবলে পড়েছে, তা চিহ্নিত করেছেন। এর মধ্যে ভাঙন রোধে জনগুরুত্বপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।