
কিশোরগঞ্জের ভৈরবের একটি বাসা থেকে এক নারী শ্রমিকের (৩৬) লাশ উদ্ধারের পর ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, দুই প্রেমিকের দ্বন্দ্বের জেরে এক প্রেমিকের হাতে খুন হন ওই নারী। দুই প্রেমিককেই গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন ওই নারীকে খুন করার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন নেত্রকোনার সদর উপজেলার দুলাল মিয়া (৩৮) ও হবিগঞ্জের লাখাই থানা এলাকার লাখাই গ্রামের শাকিল মিয়া (৩০)। এই দুজন ও নিহত নারী ভৈরব বাজারে পৃথক তিনটি খাবার হোটেলে চাকরি করতেন।
গত শনিবার বিকেলে ওই নারীর লাশ উদ্ধারের পর এদিন রাতেই ভৈরব বাজার থেকেই গ্রেপ্তার করা হয় দুলালকে। শাকিলকে গ্রেপ্তার করা হয় গতকাল সোমবার ভোরে ভৈরব বাজার কাঠপট্টি এলাকা থেকে। তিনি ওই নারীকে হত্যার দায় স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ওই নারী একসঙ্গে প্রেম করতেন দুজনের সঙ্গে। একপর্যায়ে তথ্যটি দুই প্রেমিকের মধ্যে জানাজানি হয়। শাকিল বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন ওই নারীকে এককভাবে পেতে। সেইভাবে প্রেমিকাকে প্রস্তাবও দেন। কিন্তু দুলালকে ছেড়ে আসতে রাজি হননি ওই নারী। এ ক্ষোভ থেকে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করেন শাকিল। গ্রেপ্তারের পর তিনি বিষয়টি অকপটে পুলিশের কাছে স্বীকার করেছেন।
নিহত নারীর পরিবারের সদস্যরা জানান, ওই নারীর বাড়ি শেরপুরের নকলা উপজেলায়। আগে একবার বিয়ে হয়েছিল। দুলাল ওই নারীর আত্মীয়। তাঁর বাড়ি নেত্রকোনায়। দেড় মাস আগে ভৈরব বাজারের একটি বাসা ভাড়া নিয়ে ওই নারী ও দুলাল বসবাস করে আসছিলেন। সঙ্গে থাকতেন ওই নারীর দুই ছেলে। দুলালকে নিজের স্বামী পরিচয় দিতেন ওই নারী। ঘটনার সময় দুলাল ও ওই নারীর দুই ছেলে কেউ বাসায় ছিলেন না।
এ ঘটনায় ভৈরব থানায় হত্যা মামলা হয়েছে। মামলাটি করেন ওই নারীর মা। আসামি করা হয় শাকিল ও দুলালকে। বাদী বলেন, ‘দুলাল ও শাকিলের মধ্যে সমস্যা। দুইজনের সমস্যার বলি হইছে আমার মাইয়া। আমি দুজনের বিচার চাই।’