চকরিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাছের ঘেরের কর্মচারী নিহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আজিজুর রহমান (৩০) নামের মাছের ঘেরের এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচরের নতুন ঘোনায় হামলার এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজিজুরের মৃত্যু হয়।  

আজিজুর রহমান ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকার সালেহ আহমদের ছেলে।

আজিজুর রহমানের স্বজন ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফখরুদ্দিন প্রথম আলোকে বলেন, বালুরচরের একটি মাছের ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন আজিজুর। ওই মাছের ঘেরে সৌরপ্যানেলের বাল্ব লাগানো নিয়ে গতকাল রাত আটটার দিকে ইসহাক নামের স্থানীয় এক যুবকের সঙ্গে আজিজুরের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে কিছু সময় পর ইসহাকসহ আরও কয়েকজন যুবক ঘেরে গিয়ে আজিজুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আজিজুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে আজিজুর মারা যান।

এ ঘটনার পর থেকে ইসহাকসহ অন্য যুবকেরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ডুলাহাজারা ইউপির চেয়ারম্যান হাসানুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনার জেরে আজিজুর খুন হয়েছেন বলে জানা গেছে। খুনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয় লোকজনও পুলিশকে সহযোগিতা করছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সিরাজুম মুনির বলেন, আজিজুরের পেটে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। এটা ছুরির আঘাতের চিহ্ন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজিজুরের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।