কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার প্রবাসী নাছির উদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বন্যায় প্রবাসী নাছিরের ঘরে প্রায় হাঁটুপানি উঠে যায়। উঠানেও কোমরপানি ছিল। এর মধ্যেই ঘরে শিশুটিকে রেখে বাইরে কাজ করছিলেন নাছিরের স্ত্রী। এর একপর্যায়ে মায়ের অগোচরে শিশুটি বন্যার পানিতে ডুবে স্রোতের সঙ্গে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর প্রায় ১২০ ফুট দূরে পাওয়া যায় শিশুটিকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান ইউএনও।