
ইউরিয়া, ডাই–অ্যামোনিয়াম ফসফেটসহ (ডিএপি) সব ধরনের সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা কৃষক দল।
নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল হকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্যসচিব এ টি এম ফিরোজ দুলু। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব বায়জিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, শফিউল আজম, জেলা কৃষক দলের জ্যেষ্ঠ আহ্বায়ক সুলতান মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত বছর প্রতি কেজিতে ইউরিয়া সারের দাম ৬ টাকা বাড়িয়েছিল সরকার। বছর না ঘুরতেই আবারও ইউরিয়াসহ সব ধরনের সারের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। সারের মূল্যবৃদ্ধি কৃষিপণ্যের উৎপাদন খরচ বাড়াবে, যা গ্রহণযোগ্য নয়। এবার খরায় ধানসহ অনেক কৃষিপণ্য উৎপাদন সংকটে পড়েছে। সারের এই মূল্যবৃদ্ধি কৃষকদের নতুন করে সংকটে ফেলবে।
জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল হক বলেন, এই সরকার মধ্যরাতে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। তাদের জনগণের ভোট দরকার হয়নি। তাই জনগণের প্রতি তাদের কোনো জবাবদিহি নেই। এ জন্য তারা যা ইচ্ছা তা করতে পারছে। কৃষিপণ্যের উপকরণের মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের নাভিশ্বাস অবস্থা করছে।