হাসপাতালটিতে সাড়ে তিন বছর আগে আধুনিক যেসব যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে, তার কোনোটিই জনবলসংকটে চালু করা যায়নি।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন করা হলেও সেটি এখনো চলছে পুরোনো ১০০ শয্যার জনবল ও যন্ত্রপাতিতে। এমনকি ১০০ শয্যার পুরো জনবলও নেই এ হাসপাতালে। ফলে রোগীদের চিকিৎসাসেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। হাসপাতালটিতে আধুনিক যেসব যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে, তার কোনোটিই জনবলসংকটে চালু করা যায়নি। সাড়ে তিন বছর আগে আনা অনেক যন্ত্র পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।
মাদারীপুর সদর হাসপাতাল ২০১৪ সালে বিশ্বব্যাংকের সহযোগিতায় ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয় সরকার। এর জন্য আট তলা ফাউন্ডেশন করে নতুন একটি সাত তলা ভবন নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। এতে ব্যয় হয় ৩০ কোটি টাকা। নির্মাণ শেষে ২০১৯ সালের ১২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নতুন ভবনটি হস্তান্তর করে গণপূর্ত। হস্তান্তরের সাড়ে তিন বছর পর গত ২ ফেব্রুয়ারি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন করে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।
‘নিরাপদ চিকিৎসা চাই’-এর জেলা কমিটির সভাপতি মসিউর রহমান প্রথম আলোকে বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতালটি পুরোপুরি চালুর জন্য জেলাবাসী জোরালো আন্দোলন শুরু করেছিলেন। এমনকি একজন আইনজীবী হাইকোর্টে রিট পর্যন্ত করেছিলেন। হাসপাতালটি চালু না হওয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এরপর তড়িঘড়ি করে হাসপাতালটি আংশিক চালু করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলন থামিয়ে দেওয়া হয়। ২৫০ শয্যা জেলা হাসপাতালে যে ধরনের সেবা থাকার দরকার, তা কোনোটাই নেই। যন্ত্রপাতিগুলো অলস পড়ে আছে।
হাসপাতালটি পুরোপুরি চালুর জন্য জেলাবাসী জোরালো আন্দোলন শুরু করেছিলেন। এমনকি একজন আইনজীবী হাইকোর্টে রিট পর্যন্ত করেছিলেন। রুল জারি করেছিলেন হাইকোর্ট। এরপর তড়িঘড়ি করে হাসপাতালটি আংশিক চালু করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলন থামিয়ে দেওয়া হয়।মসিউর রহমান, সভাপতি, ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর মাদারীপুর জেলা কমিটি
গত ৬ মে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান মাদারীপুর সদর উপজেলার ঘটেকচর এলাকার আকরাম হোসেন (৩০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নেওয়া হয় মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর মাথায় আঘাত থাকায় সিটি স্ক্যান করাতে হবে। এ জন্য তাঁকে পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে।
অথচ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে তিন কোটি টাকা মূল্যের সিটি স্ক্যান যন্ত্রটি। জনবলসংকটসহ নানা অজুহাতে স্বাস্থ্য খাতের জরুরি যন্ত্রটি চালু করা সম্ভব হয়নি।
তীব্র ক্ষোভ নিয়ে আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে সেবা নিয়ে কিছু বলার নেই। এখানে নামমাত্র চিকিৎসা হয়। জরুরি কোনো রোগী এই হাসপাতালে আনা হলে তার জন্য সময় অপচয় ছাড়া আর কিছুই নয়।’
রেডিওগ্রাফার অজিত কুমার ঘোষ বলেন, ‘সিটি স্ক্যান যন্ত্র স্থাপন করে গেছে। কিন্তু চালু হয়নি। চালুর আগেই ত্রুটি দেখা দিয়েছে। আধুনিক এসব যন্ত্রপাতি চালানোর জন্য আমাদের প্রশিক্ষণও নেই। যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে আমরা এসব যন্ত্রপাতি চালাতে পারব।’
সিটি স্ক্যান যন্ত্র ছাড়াও ১০টি আইসিইউ শয্যা, ডিজিটাল এক্স-রে যন্ত্র, আধুনিক অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি, আলট্রাসনোগ্রাম, ১০টি কার্ডিয়াক মনিটরসহ কমপক্ষে প্রায় পাঁচ কোটি টাকার যন্ত্রপাতি নতুন ভবনে স্থাপনের দীর্ঘ সাড়ে তিন বছর পরও জনবলসংকটে তার যথাযথ ব্যবহার শুরু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে সেবা নিতে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালটি পুরোদমে চালু করতে ২৭৮ জন জনবল দরকার। মাত্র ১৩৪ জন জনবল নিয়ে কোনোরকমে চলছে এ হাসপাতালের কার্যক্রম।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ও এই হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনীর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘১০০ শয্যার জন্যই ১৬৪ জন জনবল দরকার। সেখানে আছে ১৩৪ জন। তাহলে আরও বাকি ১৫০ শয্যা কীভাবে চালাব? চিকিৎসক, নার্সসহ ১১৪ জনের চাহিদাপত্র আরও দুই বছর আগে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত সংকট থাকবেই। কবে নতুন নিয়োগ হবে, তা বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি।’
মাদারীপুর শহরের লেকপাড়ের পূর্ব পাশে সৈয়দারবালী মৌজায় ৫ একরের বেশি জমিতে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতাল। হাসপাতালের প্রধান ফটকের সামনে দৃষ্টিনন্দন সাত তলা ভবন। নতুন সাত তলা ভবনটি ১৫০ শয্যার হলেও দ্বিতীয় তলায় ৫০টি শয্যা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৯ মে দুপুরে দেখা যায়, এই ৫০ শয্যার মধ্যে নারী ওয়ার্ডে ২৫টি শয্যা ও সাধারণ ওয়ার্ডে ২৫টি শয্যা থাকলেও রোগীর চাপ বেশি থাকায় মেঝেতে মাদুর পেতে সেবা নিচ্ছেন সাধারণ রোগীরা। জনবলসংকটে তিন থেকে সাত তলা পর্যন্ত হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ। এই অংশে আধুনিক যন্ত্রপাতিগুলো স্থাপন করা থাকলেও ব্যবহৃত না হওয়ায় তা ধুলোর আস্তর পড়ে নষ্ট হচ্ছে।
নতুন ভবনের দ্বিতীয় তলার নারী ওয়ার্ডে জ্যেষ্ঠ নার্স সীমা বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘নার্স কম, চিকিৎসক কম, কিন্তু রোগী বেশি। নারী ওয়ার্ড ২৫ শয্যার। কিন্তু রোগী আছেন ৪৫ জন। এ কারণে খুব সমস্যায় পড়তে হয়। সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি আমরা। আমার এখানে ফ্লোরে রোগী, অথচ এত বড় হাসপাতালে অনেক খালি শয্যা পড়ে আছে।’
১০০ শয্যার পুরোনো ভবনটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পলেস্তারা খসে পড়েছে। তবুও জরাজীর্ণ ভবনেই ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা কার্যক্রম। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুরোনো ভবনে কিছু অংশে সংস্কারকাজ শুরু হবে। এ ছাড়া জনবলের অভাবে নতুন ভবনে যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় চালুর আগেই সমস্যা দেখা দিয়েছে। প্রকৌশলীরা এসে দেখে গেছেন। এই পর্যন্তই। নতুন ভবনে ১০ শয্যার আইসিইউ রয়েছে। সেটিও চালু করা সম্ভব হয়নি। ১০০ শয্যার পুরোনো ভবনের মেঝেতে থাকা রোগীদের নতুন ভবনে নেওয়া ছাড়া কোনো কিছুই হয়নি। এ কারণে সেবা নিয়ে রোগীদের প্রশ্ন ও ক্ষোভ থাকাটাই স্বাভাবিক।