ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট। বৃহস্পতিবার তোলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট। বৃহস্পতিবার তোলা

পরিবহনশ্রমিকদের মারামারি, সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরের গর্তে বারবার আটকা পড়ছে পণ্যবাহী যানবাহন। এর মধ্যে গোলচত্বর এলাকায় পরিবহনশ্রমিকদের মারামারিতে দুই পাশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সরাইল উপজেলার শান্তিনগর থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড় মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত এ যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের হাজারো যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতে সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকার ছোট–বড় গর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সকাল সাড়ে আটটার পর থেকে যানজট সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে যানজট কিছুটা কমলেও বেলা ২টার পর যানবাহনের চাপ বাড়লে আবার যানজট বাড়তে থাকে। তখন পণ্যবাহী যানবাহনগুলো গর্ত অতিক্রম করতে গিয়ে বারবার আটকে যাচ্ছিল। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনগুলোও এসব গর্ত অতিক্রম করতে হিমশিম খাচ্ছে।

এদিকে গোলচত্বরের পূর্ব পাশে সিএনজিচালিত অটোরিকশার জন্য নির্মিত বাইপাস সড়কটি বেদখল হয়ে গেছে। বাইপাস সড়কটি ছয় মাস আগে (গত বছরের ৩ জুন) যৌথ বাহিনীর সদস্যরা উচ্ছেদ করেছিলেন। কয়েক মাস আগে আবার সড়কটি অবৈধ দখলে চলে যায়। আবার গোলচত্বরের তিন পাশে আছে তিনটি সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। এতে গোলচত্বরের তিন-চতুর্থাংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

অন্যদিকে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ডের একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের মধ্যে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মহাসড়কের ওপর মারামারিতে জড়ান পরিবহনশ্রমিকেরা। এতে বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলে বিকেল সাড়ে চারটার পর যানজট দীর্ঘ হতে থাকে। সন্ধ্যা সাতটার মধ্যে সরাইল উপজেলার শান্তিনগর থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড় মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

এর মধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে আজ বাংলা ১৪৩৩ সনের প্রথম সাপ্তাহিক পশুর হাট ছিল। বাজারে প্রচুর ক্রেতা-বিক্রেতার সমাগম হওয়ায় যানবাহনের চাপ তৈরি হয়। এ জন্য বিশ্বরোড মোড় থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কেও দীর্ঘ যানজট দেখা দেয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘আমি সকাল থেকে ফোর্স নিয়ে মাঠে আছি। আজ বৃহস্পতিবার হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। অন্যদিকে গোলচত্বর এলাকায় আছে গর্ত। তার মধ্যে মহাসড়কের ওপর দুই দল শ্রমিক মারামারি করেছেন। সব মিলিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। আশা করি কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’