সিলেট সিটির ওয়ার্ড পরিক্রমা 

সড়কবাতি জ্বলে না, বেহাল পাড়া–মহল্লার সড়ক

সিলেট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের শাহজালাল উপশহর এলাকার এ ব্লকের নর্দমায় জমেছে আবর্জনার স্তূপ। সেখানে উড়ছে মশা-মাছি। পথচারীরা দুর্গন্ধের কারণে নাক চেপে চলাচল করেন। গত বুধবার সকালে
ছবি: প্রথম আলো

সিলেট নগরের হাতিমবাগ এলাকার অবস্থান ২১ নম্বর ওয়ার্ডে। এলাকার ১ নম্বর সড়কটি অন্ধকারাচ্ছন্ন। একটি সড়কবাতিও জ্বলছে না। একটি-দুটি ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা আর মোটরসাইকেল যাওয়া-আসা করছে। যানবাহনের আলোয় চলছেন পথচারীরা। দু-একজন মুঠোফোনের আলো জ্বেলে হাঁটছেন। এটি গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার চিত্র।

হাতিমবাগ এলাকা ছাড়াও ওয়ার্ডের সোনারপাড়ার সড়কের অধিকাংশ স্থানে সড়কবাতি জ্বলতে দেখা যায়নি। স্থানীয় লোকজন বলেন, সোনারপাড়ার কিছু স্থানে সড়কবাতি থাকলেও কয়েকটি খুঁটির পরপর বাতি অকেজো। আশপাশে থাকা দোকানপাটের বাতি ও সাইনবোর্ডের আলো সড়কে পড়ে। তাঁরা সে আলোর ওপর ভরসা করে যাতায়াত করেন। 

সোনারপাড়ার বাসিন্দা জুনেদ আহমদ বলেন, মাসখানেক ধরে এলাকার সড়কবাতিগুলো অকেজো হয়ে রয়েছে। এ ছাড়া ভারী বৃষ্টি হলেই পাশের ফরহাদ খাঁ খাল উপচে পানি সড়কে চলে আসে। এলাকার মূল সড়কের স্থানে স্থানে খানাখন্দ থাকায় দুর্ভোগ হচ্ছে। রয়েছে মশার মাত্রাতিরিক্ত উপদ্রবও।

ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুহেদুর রহমান জানান, অধিকাংশ সময় সড়কবাতি অকেজো থাকায় বাসিন্দাদের অন্ধকারে যাতায়াত করতে ভোগান্তি হয়। এ ছাড়া ওয়ার্ডে খাওয়ার পানির সংকট আছে।

সরেজমিনে দেখা গেছে, ওয়ার্ডের লামাপাড়ার নর্দমা প্রশস্তকরণের জন্য পাশের সড়ক খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে। এতে দুর্ভোগ নিয়ে পথ চলছেন মানুষ। ওয়ার্ডের অন্যান্য এলাকার চেয়ে বোরহানবাগ এলাকাটি তুলনামূলকভাবে সরু হওয়ায় ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছে না। শাপলাবাগের পাড়া-মহল্লার অনেক রাস্তা অপ্রশস্ত এবং পয়োনিষ্কাশন-ব্যবস্থাও ভালো নয়।

ওয়ার্ডের এলাকাগুলো হচ্ছে হাতিমবাগ, বোরহানবাগ, লামাপাড়া, শাপলাবাগ, সোনারপাড়া, ছাপরবন্ধপাড়া, ঠাকুরপাড়া, গোলাপবাগ, বটেরতল, খণ্ডিকরপাড়া, রাজপাড়া, কালাশীল, টিকলিপাড়া, ভাটাটিকর, গঙ্গাদাস ও শিবগঞ্জ। বাসিন্দাদের অভিযোগ, মশার সমস্যাই তাঁদের বেশি ভোগাচ্ছে। এ ছাড়া যথাসময়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ পানি সরবরাহ করতে না পারায় অনেকে তা সংগ্রহ করতে পারেন না। 

টানা দুবারের কাউন্সিলর মো. আবদুর রকিব বলেন, পর্যাপ্ত পরিমাণ বাতি সিটি করপোরেশন সরবরাহ করছে না। এ ছাড়া যেসব এলইডি বাতি দিচ্ছে, তা-ও কিছুদিন পরপর অকেজো হয়ে পড়ছে। ফলে সড়কবাতির দুর্ভোগ কাটছে না। মশার ওষুধ এক দিন আগে থেকে ছিটানো শুরু হয়েছে। তবে মশার উপদ্রব ঠেকাতে চারজন পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনই ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন।

অন্ধকারে ২৫টি সড়ক

সিলেট নগরের ২২ নম্বর ওয়ার্ডে শাহজালাল উপশহরের এ থেকে জে পর্যন্ত ১০টি ব্লক এবং বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকার অবস্থান। গত মঙ্গলবার রাতে এসব এলাকায় ঘুরে দেখা গেছে, এলাকাটির পাড়া–মহল্লার অন্তত ২৫টি রাস্তায় সড়কবাতি জ্বলছে না। ফলে অন্ধকারেই পথচারীরা চলাচল করছেন। বিভিন্ন রাস্তায় ময়লা-আবর্জনা ছড়ানো–ছিটানো অবস্থায় রয়েছে। 

শাহজালাল উপশহরের এফ ব্লকের ৪ নম্বর রোডের ব্যবসায়ী মাওলানা মাহাদী বলেন, মাত্রাতিরিক্ত মশার উপদ্রব থাকলেও সেসব নিধনে ওষুধ ছিটানো হয় না। ভারী বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। 

এলাকাবাসী জানিয়েছেন, শাহজালাল উপশহর এলাকাটি নগরের বাসিন্দাদের কাছে অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে অসংখ্য উচ্চবিত্ত ও প্রবাসী পরিবারের বসবাস। এ ছাড়া প্রচুর সংখ্যক সরকারি চাকরিজীবী ও করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদেরও আবাস রয়েছে এলাকাটিতে। তবে অভিজাত এলাকা হলেও নানা ধরনের নাগরিক সমস্যা এখানে বিদ্যমান। বিশেষত বাসা থেকে বেরোলে পর্যাপ্ত যানবাহন এলাকাটিতে মেলে না। এর বাইরে সড়কবাতির অপ্রতুলতা, মশার উপদ্রব ও ভাঙাচোরা রাস্তার সমস্যাই বেশি। 

শাহজালাল উপশহরের দুজন বাসিন্দা জানান, উপশহরের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। এ ছাড়া ই ব্লকের ৩/এ নম্বর সড়কের পাশে থাকা নালায় জমে আছে ময়লা-আবর্জনা। নালাটি উন্মুক্ত থাকায় সব সময় দুর্গন্ধ ছড়ায়।

স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন, শাহজালাল উপশহরের খেলার মাঠে বাণিজ্য মেলা হয়েছিল। এ মেলা শেষ হয় পবিত্র রমজান মাস শুরুর আগের দিন। তবে মেলা শেষ হলেও মাঠ থেকে স্টলের অবকাঠামো সরানো হয়নি। 

ওয়ার্ডের সমস্যাগুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দুবারের নির্বাচিত কাউন্সিলর ছালেহ আহমদ দাবি করেন, অতীতের তুলনায় ওয়ার্ডটি এখন পরিচ্ছন্ন ও গোছালো। জলাবদ্ধতার সমস্যা নিরসনে প্রকল্পের কাজ শেষ হয়েছে। এই বৃষ্টি মৌসুম থেকে জলাবদ্ধতার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা নেই। বছরে একবার সিটি করপোরেশনের পক্ষ থেকে মশকনিধন ওষুধ ছিটানোয় মশার উৎপাত থেকেই যায়। কাউন্সিলর আরও বলেন, ওয়ার্ডের সব কটি সড়ক নির্মাণে এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। তবে নাগরিকদের ভোগান্তি দূর করতে সড়কগুলোর খানাখন্দে ইট-সুরকি ফেলে সম্প্রতি জরুরি সংস্কারকাজ করা হচ্ছে।

ওয়ার্ডের শিশু-কিশোরদের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন মাঠটি মেলা আয়োজনের জন্য বরাদ্দ না দেন, সে জন্য অনুরোধ জানিয়েছেন কাউন্সিলর ছালেহ আহমদ।