নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে ট্রাকের চাপায় ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এতে তিনজন নিহত হন
নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে ট্রাকের চাপায় ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এতে তিনজন নিহত হন

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৪

নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন যাত্রী। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন ইজিবাইকের চালক বাবুল হোসেন, যাত্রী জাহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম। তাঁরা উপজেলার দুডদুডিয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক বাবুল হোসেন ছয়জন যাত্রী নিয়ে সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশে রওনা হন। পথে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চালকসহ দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।