আন্তর্জাতিক নারী দিবস

সাবিনা জীবনটাকে টেনেটুনে কত দূর নেবেন

বরিশাল নগরের পোর্ট রোডে মুরগির পা, গলা, গিলা ও কলিজা কিনছেন সাবিনা ইয়াসমিন। গত শনিবার তোলা
ছবি: প্রথম আলো

গ্রামের নিম্নবিত্ত পরিবারে সাবিনার জন্ম। টিউশনি করে এসএসসির গণ্ডি পার হন। পরিবারের ইচ্ছায় কিশোরী সাবিনাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। এরপর কলেজেও ভর্তি হয়েছিলেন। কিন্তু মাতৃত্বজনিত জটিলতায় রোগে ভুগে থেমে যায় পড়ালেখা। তবে পাঁচ বছর পর এইচএসসি পাস করেন। স্নাতকও সম্পন্ন করেছেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়ে স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে চলছে তাঁর জীবনসংগ্রাম।

পুরো নাম সাবিনা ইয়াসমিন (৪০)। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের প্রত্যন্ত কৃষ্ণকাঠি গ্রামে। এসএসসি পাসের পর একই গ্রামের বাচ্চু গাজীর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। স্বামীর কাঠের ব্যবসার সূত্রে চলে এসেছিলেন বাকেরগঞ্জ শহরের ভাড়াবাড়িতে। ২০০০ সালে বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ওই কলেজ থেকেই স্নাতক সম্পন্ন করেন। তাঁদের সংসারে আসে একে একে দুই ছেলে। স্বামীর স্বল্প আয়ে সংসারে আরও একটু সচ্ছলতা ফেরাতে সাবিনা চাকরির জন্য চেষ্টা করেন। কিন্তু চাকরির ভাগ্য সুপ্রসন্ন হয়নি। নিরুপায় সাবিনা এরপর দুই বছর ন্যাশনাল সার্ভিসে চাকরি করেন। মোটামুটি ভালোই চলছিল দিনগুলো। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি।

২০১৪ সালের শেষ দিকে সাবিনার স্বামীর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। ছোট দুই ছেলের মুখের দিকে তাকান, লুকিয়ে কাঁদেন। কান্না লুকিয়ে স্বামীর সামনে সাহসী মুখে হাজির হন, আশা জাগান। তাঁর আপ্রাণ চেষ্টা ছিল স্বামীকে চিকিৎসা দিয়ে জাগিয়ে তোলা, বাঁচিয়ে রাখা। চিকিৎসার টাকা জোগাড় করতে দিয়ে ব্যবসার পুঁজি, জমিজিরাত সব খোয়ান। ২০১৫ সালের ১৫ আগস্ট স্বামীকে হারিয়ে পথে বসেন সাবিনা। স্বামীর মৃত্যুর পর চারদিকে ঘোরতর অন্ধকার নেমে আসে। শোক আর দুটি সন্তানের পড়ালেখা, সংসার, খেয়ে-পরে টিকে থাকা—সবকিছুতে অনিশ্চয়তা তাঁকে মুষড়ে দেয়।

কিন্তু সাবিনা দমে যাননি। কান্না মুছে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নামেন তিনি। সাবিনা শুরু করেন বাড়ি বাড়ি ঘুরে টিউশনি। এই দিয়ে সামান্য যে আয়, তা দিয়ে দুই ছেলের পড়ালেখা আর ডাল-ভাতের সংসারটাকে কাঁধে করে টেনে নিতে শুরু করেন। এ রকম অবস্থায় যখন অনেকটা থিতু হলেন, তখন আরেক বড় ঢেউ তাঁর জীবনে আছড়ে পড়ে। ছোট বোনের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কয়েক বছরের ব্যবধানে ২০২০ সালে দুরারোগ্য ক্যানসারে মারা যান বোন রহিমা। তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে আবিদ এখন সাবিনার কাছেই থাকে।

সাবিনা ইয়াসমিন

সাবিনার জীবনে এখনো সচ্ছলতা ফেরেনি। ফিরবে কি না, তা জানেনও না তিনি। তবু হাল ছাড়েননি। টিউশনি করে তাঁর মাসে আয় ৯ হাজার ৫০০ টাকা। এ টাকায় ৩ হাজার ৫০০ টাকা বাসাভাড়া গুনতে হয়। বড় ছেলে আসাদুজ্জামান আলিফ দ্বাদশ শ্রেণিতে পড়ে। বিজ্ঞান বিভাগের ছাত্র আলিফকে পড়াশোনার কিছু খরচ দিতে হচ্ছে। ছোট ছেলে আসাদুজ্জামান আরিফ এবার দশম শ্রেণির ছাত্র। ছেলেদের পড়াশোনার ব্যয় মিটিয়ে হাতে থাকে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার  টাকা। এই ৪ হাজারে সংসারের খাওয়া-পরাসহ আনুষঙ্গিক ব্যয় করতে হয়।

আস্ত মুরগি কিনে খাওয়াব, সেই সামর্থ্য নেই। তাই মাঝেমধ্যে যখন বরিশালে আসি, তখন গিলা–কলিজা কিনি। আলু-ডাল দিয়ে রান্না করি।
সাবিনা ইয়াসমিন

সাবিনার সঙ্গে আলাপ হয় গত শনিবার বরিশাল নগরের পোর্ট রোডে। তিনি মুরগির পা, গলা, গিলা, কলিজা কিনছিলেন। ফুটপাতের নারী দোকানি ফাতেমা বিবিকে একটু দাম কমাতে অনুনয় করছিলেন সাবিনা। শেষ পর্যন্ত ১৩০ টাকায় এক কেজি নেন তিনি।

সাবিনা বলেন, ‘কী করব? ছেলেদের তো একটু পুষ্টিকর খাবার দিতে হয়। আস্ত মুরগি কিনে খাওয়াব, সেই সামর্থ্য নেই। তাই মাঝেমধ্যে যখন বরিশালে আসি, তখন গিলা–কলিজা কিনি। আলু-ডাল দিয়ে রান্না করি।’ কথা বলতে বলতে সাবিনার উজ্জ্বল হাসিটা ম্লান হয়ে যায়।

ঊর্ধ্বমূল্যের বাজারে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকায় চারজনের সংসার চালানো দুষ্কর। এ টাকা পুষ্টি তো দূরে থাক, তিন বেলা ডাল-ভাত জোটানোই কষ্টকর হয়ে যাচ্ছে। এভাবে আর কত দিন? প্রশ্ন শুনে আবার হাসলেন সাবিনা। বললেন, ‘দেখি না, জীবনটাকে টেনেটুনে কত দূর নেওয়া যায়!’