সড়ক দুর্ঘটনার ৬৬ ঘণ্টা পর মারা গেল বিদ্যালয়ছাত্রী

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্ঘটনার ৬৬ ঘণ্টা পর সানজিদা আক্তার (১৫) নামের এক বিদ্যালয়ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গত মঙ্গলবার দুপুরে কোচিং থেকে বাসায় ফেরার পথে উপজেলার এসকেএম গেট এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় সানজিদা।

সানজিদা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলী চৌধুরীপাড়ার সরোয়ার উদ্দিন ওরফে বাবুলের মেয়ে। সে বাড়বকুণ্ড ইউনিয়নের সিসিসি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছয় বছর আগে অসুস্থ হয়ে তার মা মারা যান। দুই বোনের মধ্যে সে বড়।

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এসকেএম জুট মিল এলাকায় ঢাকামুখী লেনে সংস্কারকাজ চলছিল। ফলে চট্টগ্রামমুখী লেন দিয়ে উভয় দিকের গাড়ি চলাচল করছিল। ওই দিন বেলা একটার দিকে সানজিদা তার বিদ্যালয়ের বিশেষ কোচিং থেকে বাড়ি ফেরার সময় এসকেএম গেট এলাকায় গাড়ি থেকে নামে। এরপর মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সানজিদাসহ দুই ছাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তার মাথায় গুরুতর জখম হয়েছিল। সানজিদার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে সে মারা যায়। দুর্ঘটনায় আহত অন্য ছাত্রী কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, নিহত ছাত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।