মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পের পাশ থেকে উদ্ধার বোমাসদৃশ দুটি বস্তু। আজ সকালে ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পের পাশ থেকে উদ্ধার বোমাসদৃশ দুটি বস্তু। আজ সকালে ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে

মেহেরপুরে বিএনপির আরেক নির্বাচনী ক্যাম্পের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পের পাশ থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

এর আগে ৩১ জানুয়ারি মুজিবনগর উপজেলার দায়িরাপুর বাজার এলাকায় বিএনপির আরেকটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পের পাশ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আমতৈল গ্রামের পশ্চিম পাড়ায় মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করে আসছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। সেখানে নিয়মিত নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম চলে। আজ সকালে স্থানীয় লোকজন ওই কার্যালয়ের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি গাংনী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ধারণা, আতঙ্ক ছড়ানোর জন্য রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে বোমাসদৃশ বস্তু দুটি রেখে গেছে।

এগুলো আসলে বোমা কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব।