বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে না দেওয়া, ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা কেন নয়

হাইকোর্ট
ফাইল ছবি

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩-এর অধীনে রংপুরের চিকলী ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। ওই পার্কের কিডস জোনে বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশুকে ঢুকতে না দেওয়ার ঘটনায় আদালতে রিট আবেদন করেছিলেন দুই আইনজীবী।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ আদেশ দেন। একই সঙ্গে ওই ঘটনা নিয়ে গত ২৭ এপ্রিল রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শিশুটির মায়ের করা আবেদনটি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

‘পার্কে ঢুকতে দেওয়া হলো না বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে’ শিরোনামে একটি দৈনিক ৭ মে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা ও আইনজীবী ফয়সাল আহমেদ ১৫ মে ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী তনয় কুমার সাহা নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

আদেশের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী তনয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, বিশেষ সরঞ্জাম ও হুইলচেয়ার চলাচলের ব্যবস্থা (র‍্যাম্প) রাখার মাধ্যমে পার্ক, বিনোদনকেন্দ্র, বিপণিবিতান, রেস্টুরেন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশাধিকার নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে। সমাজকল্যাণসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, স্বরাষ্ট্রসচিব, রংপুর সিটি করপোরেশনের মেয়র, রংপুরের জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

১০ বছর পার করে কেবল ১১-তে পড়েছে আল আয়মান ইয়ানাত। ইয়ানাতের সেরিব্রাল পালসি বা মস্তিষ্কে পক্ষাঘাতসহ বহুমাত্রিক প্রতিবন্ধিতা আছে। গত ২৬ এপ্রিল রংপুরের চিকলী ওয়াটার পার্কের কিডস জোনে হুইলচেয়ারসহ মেয়ে ইয়ানাতকে নিয়ে ঢুকতে গেলে রিজা রহমানকে ঢুকতে দেওয়া হয়নি। ৩ মে রিজা একাই মেয়েকে নিয়ে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানান। ২৭ এপ্রিল রিজা রহমান রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেন। তাতে তিনি পার্কসহ বিনোদনের বিভিন্ন জায়গায় হুইলচেয়ার নিয়ে যাতে যাওয়া যায়, এ ধরনের নির্দেশিকা টাঙানোর আবেদন জানান।

২০১৩ সালে সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন প্রণয়ন করেছে। আইনটিতে প্রবেশগম্যতাকে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আইনে প্রবেশগম্যতা বলতে ভৌত অবকাঠামো, যানবাহন, যোগাযোগ, তথ্য, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ জনসাধারণের জন্য প্রাপ্য সব সুবিধা ও সেবায় অন্যদের মতো প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তির সমসুযোগ ও সম-আচরণ প্রাপ্তির অধিকার বোঝানো হয়েছে।