সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননস্থল খুঁজে বের করতে ড্রোন ব্যবহার করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আবার প্রজননস্থল পেলেই ভবনমালিকদের জরিমানা করা হচ্ছে। সিটি করপোরেশন যখন এমন অভিযান চালাচ্ছে, তখন একজন ওয়ার্ড কাউন্সিলরের বাড়ির উঠান হয়ে উঠেছে মশার প্রজননস্থল। সেখানে অবশ্য কোনো অভিযান চালানো হয়নি।
এই বাড়ি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ কাজী নুরুল আমিনের। নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার কাজী বাড়িতে কাউন্সিলরের তিনতলা ভবন। সিটি করপোরেশনের জরিপে ৪১টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ৫২টি ঝুঁকিপূর্ণ স্থান পাওয়া গেছে মোহরা ওয়ার্ডে। কাউন্সিলরের বাড়িটিও ঝুঁকিপূর্ণ স্থানের অন্তর্ভুক্ত।
গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা যায়, কাউন্সিলরের বাড়ির সামনে বড় উঠান। বাড়ির মূল প্রবেশদ্বারের ভেতরে ও বাইরে গর্তে জমে রয়েছে বৃষ্টির পানি। সেখানে শত শত মশা ও মশার লার্ভা। পাশেই কাউন্সিলরের চাচার বাড়ি। এই বাড়ির উঠানজুড়েও জমে আছে পানি। এক কোনায় ফেলে রাখা হয়েছে পরিত্যক্ত টায়ার। সেখানেও পানি জমে রয়েছে। এতে মশার লার্ভা দেখা যায়।
সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কাউন্সিলরের বাড়ির এক লোক উঠানে জমে থাকা পানি পরিষ্কারের কাজে নেমে পড়েন। তিনি কোদাল দিয়ে পানি সরানোর জন্য পথ কেটে দেন। এরপরও পানি জমে থাকলে ঝাড়ু দিয়ে তা পরিষ্কার করেন।
এ বিষয়ে কাউন্সিলর মোহাম্মদ কাজী নুরুল আমিন বলেন, আশপাশের এলাকায় জমি ভরাট করে ঘরবাড়ি করার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। তাই পানি জমে থাকে। ভরাট করায় তাঁর বাড়ির উঠানে এখন আর পানি জমছে না। তবে কারও ট্রাক চলাচলের কারণে বাড়ির সামনে গর্ত হয়ে গেছে। তবে সেখানে মশা জমছে কি না, তা তাঁর জানা নেই। আর চাচার বাড়িতে পানি জমে থাকে, এটা সত্য। তাঁদের বাড়িতে পানিনিষ্কাশনের বাধা দূর করতে রাস্তা উঁচু করার উদ্যোগ নিয়েছেন।
চট্টগ্রাম নগরে ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিতে আছে মোহরা ওয়ার্ড। নগরের শেষ প্রান্তের এই এলাকায় মশকনিধন কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে। কোনো কোনো এলাকায় মশকনিধনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের এক মাসেও চোখে দেখেননি বলে অভিযোগ করেন এলাকাবাসী। এই অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আতঙ্ক ভর করেছে তাঁদের মাঝে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ শাখা দেড় মাস জরিপ চালিয়ে এডিস মশার প্রজননস্থল হিসেবে ৪৩৫টি এলাকা চিহ্নিত করেছে। গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়। ৪১টি ওয়ার্ডের এসব স্থানকে রেড জোন বা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর মধ্যে মোহরা ওয়ার্ডে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে।
মোহরা ওয়ার্ডের ৫২টি স্থানের মধ্যে রোববার আটটি এলাকা ঘুরে দেখেন এই প্রতিবেদক। এর মধ্যে পাঁচটি এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, এবারের মৌসুমে তাঁদের এলাকায় কোনো ওষুধ ছিটানো হয়নি। একটি এলাকায় এক মাস আগে একবার ছিটানো হয়। এরপর হয়নি। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খানের বাড়িও রয়েছে।
আর দুটি এলাকায় নিয়মিত ওষুধ ছিটানো হয়। এর মধ্যে একটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কাজী নুরুল আমিন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের বাড়ি।
ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কাজী নুরুল আমিন দাবি করেছেন, পত্রপত্রিকায় দেখেছেন ডেঙ্গুতে নাকি তাঁর ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। যদিও এই তালিকা নিয়ে তাঁর সংশয় রয়েছে। তারপরও পুরো ওয়ার্ডকে ২০৪টি ব্লক করে চার দিন ওষুধ ছিটানো হবে। আর এই কার্যক্রম নিয়মিত চলবে।
সিটি করপোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম দাবি করেছেন, আগে ‘ভিআইপি’ ব্যক্তিদের বাড়ি দেখে দেখে মশার ওষুধ দেওয়া হতো। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়া ভেঙে দিয়েছেন। এরপরও যদি কিছু কিছু এলাকায় দীর্ঘদিন ধরে ওষুধ ছিটানো না হয়, তাহলে তা নিয়ে কিছু বলার নেই। তবে মোহরা ওয়ার্ডে বিশেষ মনোযোগ দেওয়া হবে। ইতিমধ্যে ১০০ লিটার অ্যাডাল্টিসাইড (বয়স্ক মশা মারার ওষুধ) দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গত বছরেও এক গবেষণার মাধ্যমে মশার প্রজননস্থল হিসেবে ৫৭টি জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন। এবার সিটি করপোরেশন নিজেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে। আগেরবারও কোনো প্রতিরোধব্যবস্থা নেওয়া হয়নি। এবারও তেমন কার্যক্রম চোখে পড়ছে না, যা দুর্ভাগ্যজনক।