সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা দিচ্ছে
ছবি: ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।

সাফ নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি সব খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির পক্ষ থেকে রয়েছে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন হেলথকেয়ার প্রফেশনাল।

এ ছাড়া মাঠ কিংবা দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় রয়েছে পৃথক মেডিকেল রুম। পাশাপাশি মাঠেই প্রস্তুত রাখা হয়েছে ফার্স্ট এইডসহ দুটি এইডি, হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানের মেডিকেল প্রোটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।