
ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পাচ্ছেন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা। ভ্রমণ, ওমরাহ, ট্রানজিট ও ফাইনাল এক্সিট ভিসাধারীদের জন্য এ বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। ১৮ এপ্রিলের মধ্যে এ সুযোগ কাজে লাগিয়ে প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন বলে গত সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক যাঁদের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এবং আঞ্চলিক পরিস্থিতির কারণে সময়মতো দেশ ছাড়তে পারেননি, তাঁদের জন্য সৌদি কর্তৃপক্ষ এ সুযোগ দিয়েছে। এ সুবিধার আওতায় সব ধরনের ভিজিট ভিসা, ওমরাহ ভিসা, ট্রানজিট ও ফাইনাল এক্সিট ভিসাধারীরা অন্তর্ভুক্ত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব ভিসাধারীর ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারি পার হয়ে গেছে, তাঁরা কোনো প্রকার জরিমানা প্রদান বা ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই সরাসরি আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যেতে পারবেন। এ ক্ষেত্রে বিমানের টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই দেশ ত্যাগ করা সম্ভব হবে এবং এর জন্য আগে থেকে কোনো বাড়তি প্রক্রিয়ার প্রয়োজন হবে না।
প্রবাসী বাংলাদেশিদের প্রতি দূতাবাস বিশেষ অনুরোধ জানিয়ে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে যেন তাঁরা অবশ্যই সৌদি আরব ত্যাগ করেন। এ সময়ের মধ্যে দেশত্যাগ না করলে পরবর্তীকালে বড় ধরনের আইনি জটিলতা ও শাস্তির মুখে পড়তে হতে পারে।