
যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডে ২০ মার্চ মধ্য রাতে পুলিশের তাড়া খেয়ে রায়হান আহমদ (৩০) নামের এক বাংলাদেশি যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। রায়হান আহমদের বাড়ি বাংলাদেশের সিলেটে। এ ঘটনায় রায়হান আহমদের ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
গত সোমবার দিবাগত রাত ২ টা ২০ মিনিটের দিকে ইস্ট লন্ডনের লাইম হাউস কমার্শিয়াল রোডে পুলিশ রায়হান আহমদকে মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু রায়হান পুলিশের সংকেত না শুনে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়কের পাশের লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের পেছনে বসা রায়হানের ভাই গুরুতর আহত হন।
এ ঘটনায় রায়হানের পরিবার ও বন্ধুরা পুলিশকে দায়ী করে সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাঁরা বলছেন, রায়হান আহমদ অপরাধী হলে তাঁকে ধরতে পুলিশের তাঁর নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল। কিন্তু পুলিশ নিরাপত্তার কথা চিন্তা না করে তাড়া করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
রায়হান আহমদকে তিন বছর ধরে চেনেন মোখলেছুর রহমান ছোটন। তিনি প্রথম আলোকে বলেন, ‘রায়হান জেল থেকে বের হওয়ার পর থেকে নতুন করে আর কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় বলে আমি জানি। দুই সপ্তাহ আগে তাঁর এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা সত্যি হৃদয়বিদারক! রায়হান আহমদ পশ্চিম লন্ডনের কেমডেন এলাকায় থাকতেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মোখলেছুর রহমান।
২০১৬ সালে মোটরসাইকেল চুরির দায়ে রায়হান আহমদের তিন বছরের সাজা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও কমিউনিটির লোকজন মনে করছেন, পুলিশের হাত থেকে বাঁচতে রায়হান অস্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
তবে এ ঘটনায় পুলিশের কোনো দায় আছে কি না, তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় স্বাধীনভাবে তদন্তের জন্য ‘সিরিয়াস কলিসন ইনভেস্টিগেশন ইউনিটে’র নেতৃত্বে তদন্ত চলছে।