
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলার আবেদন করা হয়েছে।
সোমবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে আবেদনটি করেন কামাল উদ্দিন নামের এক আইনজীবী। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইনবিষয়ক সহ–সম্পাদক।
আদালত সূত্র জানিয়েছে, সাতকানিয়া উপজেলা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে ৭ মার্চ সকাল ৯টায় জুতা পায়ে ফুল দিয়েছেন এম এ মোতালেব। এর মাধ্যমে তিনি বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা, অসম্মান ও অমর্যাদা করেছেন।
বাদীর আইনজীবী আবদুল গফুর তালুকদার প্রথম আলাকে বলেন, এম এ মোতালেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলার আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলাটি আদেশের জন্য রেখেছেন। মঙ্গলবার আদালত এ নিয়ে আদেশ দিতে পারেন।