এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা
এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। কিন্তু গোপালগঞ্জে এই পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী ফরিদপুর ও মাদারীপুরের নিকটবর্তী উপজেলায় গোপালগঞ্জের পরীক্ষার্থীদের এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। উপজেলাগুলো হলো মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা।

ঢাকা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের অধীন।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, সারা দেশে একযোগে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পেছানো হচ্ছে না। এ জন্য গোপালগঞ্জের পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলা-উপজেলায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈর এবং কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আলফাডাঙ্গায়। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্র, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ।