কারিগরিতে পাসের হার ও জিপিএ–৫ বেড়েছে

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় গড় পাসের হার গতবারের চেয়ে বেড়েছে। এবার এই বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৫৫। যা গতবার ছিল ৮৮ দশমিক ৪৯ শতাংশ। একই সঙ্গে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী বেড়েছে প্রায় ১৩ হাজার।

সোমবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ভোকেশনালে এবার ১ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৬৫ জন। পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে এগিয়ে ছাত্ররা।

ভোকেশনালে ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮০ এবং ছাত্রদের পাসের হার ৮৮ দশমিক ৮৪। এবার জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১১ হাজার ৫১৩ ছাত্র এবং ৭ হাজার ১৪২ ছাত্রী। গতবার মোট জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ১৮৭ জন।