প্রকৃতি

নগরে গ্রীষ্মের ফুলের ঐশ্বর্য

কৃষ্ণচূড়া দূর থেকে স্বাগত জানায় পথিককে। মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা
ছবি: প্রথম আলো

গ্রীষ্মে যত ফুল ফোটে, এর মধ্যে প্রাচুর্য ও রঙের দিক থেকে সবচেয়ে তীব্র যার উপস্থিতি, সেই ফুলটি কৃষ্ণচূড়া। এই নগরীর পার্কে, উদ্যানে, লেকের পাড়ে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সড়কের পাশে—সবখানেই তার কমবেশি সমাবেশ। পত্রহীন ডালপালাজুড়ে ফুটে থাকা কৃষ্ণচূড়া দূর থেকে স্বাগত জানায় পথিককে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ‘ডাক দিয়ে যায় পথের ধারের কৃষ্ণচূড়ায়।’ বাতাসে কৃষ্ণচূড়ার পাপড়ি ঝরে রঙিন হয়ে ওঠে চলার পথ। রাজধানীর শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেকের পাড়ে বিশেষভাবে চোখে পড়ে কৃষ্ণচূড়ার সুদৃশ্য একটি বীথি।

গ্রীষ্মে লাল রঙের ফুলের আধিক্যে বিশেষভাবে ব্যতিক্রম জারুল। রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, মিন্টো রোড, বেইলি রোড, হাতিরঝিলে ঘুরে বেগুনি রঙের এই ফুলের প্রাচুর্য দেখা গেল। গ্রীষ্মের শুরুতে জারুলের উচ্ছল প্রস্ফুটন রাজধানী ঢাকার পথশোভায় বিপুল উজ্জ্বলতা নিয়ে আসে।

প্রকৃতির কবি জীবনানন্দ দাশের কথায়, ‘ভিজে হয়ে আসে মেঘে এ–দুপুর চিল— একা নদীটির পাশে/ জারুল গাছের ডালে ব’সে ব’সে চেয়ে থাকে ওপারের দিকে;’ গ্রীষ্মের পর বর্ষা থেকে শরৎ অবধি জারুলগাছে ফুলের রেশ লেগে থাকে। একটা সময় শহরে, গ্রামগঞ্জে, নদীপাড়ে অনেক জারুলগাছ দেখা যেত। এখন জারুলগাছের সেই প্রাচুর্য কমে এসেছে। এরপরও প্রকৃতি থেকে তার সরব উপস্থিতি এখনো হারিয়ে যায়নি।

জারুলের উচ্ছল প্রস্ফুটন রাজধানী ঢাকার পথশোভায় বিপুল উজ্জ্বলতা নিয়ে আসে

লাল ফুলের ভিড়ে গ্রীষ্মের আরেকটি ব্যতিক্রমী রঙের ফুল সোনালু। জাতীয় সংসদ ভবন, ক্রিসেন্ট লেক এলাকার সড়কে সোনালুর হলুদ–সোনালি রং পথিকের মনে যেন আনন্দের হিল্লোল বইয়ে দেয়। সোনালুকে কেউ বলেন হলুদ আলোর ঝাড়বাতি, কারও কাছে আবার সোনালি পরি।

এ ফুল সোঁদাল, সোনাইল, বানরলাঠি কিংবা বান্দরলাঠি নামেও পরিচিত। দিন দিন কমে আসছে সোনালুগাছের সংখ্যা। এর কাঠ খুব দামি নয়, আর বাড়েও ধীরে। তাই অনেকেই সোনালুগাছ লাগানোর প্রতি আগ্রহী হন না। কিন্তু যখন ফুল ফোটে, হলুদ-সোনালি হাসিতে হাত বাড়ায়, একে এড়িয়ে যাওয়ার সাধ্য নেই কারও।

কিছু ফুল আছে তীব্র রঙের, কিন্তু ঘ্রাণহীন। আবার কিছু আছে সুগন্ধি ফুল। যেমন স্বর্ণচাঁপা। সোনার মতো রং, তাই স্বর্ণচাঁপা। গ্রীষ্মের শুরুতেই স্বর্ণচাঁপা ফোটে। শাহবাগে স্বর্ণচাঁপার তোড়া বিক্রি হতে দেখা যায়।

ছিন্নমূল শিশুদের অনেকে মাথায় ঝাঁকা ভরে স্বর্ণচাঁপা বিক্রি করে। রাজধানীর বলধা গার্ডেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানে ফুটেছে স্বর্ণচাঁপা। তরুণীদের কেউ কেউ ফুলটি খোঁপায় গুঁজে থাকেন। মজার বিষয় হলো ফুলটিকে অনেকেই কাঁঠালিচাঁপা ভেবে ভুল করেন।

গ্রীষ্মের শুরুতেই চারপাশ আলোকিত করে ফোটে কনকচূড়া। এটি আমাদের দেশি উদ্ভিদ নয়। বাংলায় এই নামটি দিয়েছেন প্রয়াত নিসর্গী দ্বিজেন শর্মা। সংসদ ভবনের খেজুরবাগান থেকে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত এ ফুলের দীর্ঘ একটি বীথি আছে। কনকচূড়ার রয়েছে হালকা মিষ্টি ঘ্রাণ।

এ ঋতুর আরেকটি বিশেষ ফুল কুরচি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কিছু উদ্যানে মহাবিপন্ন কুরচিগাছ আছে। কুরচির শুভ্র হাসিতে মোহিত হয়ে কবি লিখেছেন, ‘কুরচি তোমার লাগি পদ্মেরে ভুলেছে অন্যমনা, যে ভ্রমর, শুনি নাকি তারে কবি করেছে ভর্ৎসনা।’

গ্রীষ্মের ফুলের মেলায় আরও যারা পসরা সাজিয়ে বসেছে, তার মধ্যে রয়েছে গন্ধরাজ, রজনীগন্ধা, বেলি, কাঠগোলাপ, হিমচাঁপা, ডুলিচাঁপা, নাগলিঙ্গম, জ্যাকারান্ডা, বরুণ, ঝুমকো লতা। এর বাইরেও রয়েছে কত ফুল।

এসব ফুল যেন গ্রীষ্মের খরতাপে সব প্রাণিকুলের জন্য প্রকৃতির অনুপম উপহার। জীবনের নানা জটিলতা এক পাশে রেখে ফুলভরা বৃক্ষের তলে এসে যদি দুদণ্ড বসা যায়, কিছুক্ষণের জন্য হলেও তো মিলতে পারে মনের রসদ। বিনিময়ে ফুল আপনার কাছে কিছুই চাইবে না। অপরকে আনন্দ দিয়েই তার জীবনের পরিসমাপ্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন বলছিলেন, রাজধানীর নগর–প্রকৃতি আরও মনোমুগ্ধকর হতো, যদি একটি অ্যাভিনিউকে একটি বা দুটি দেশি ফুলের গাছ দিয়ে সাজানো যেত। এভাবে ১০টি প্রধান অ্যাভিনিউকে ১০টি বা ২০টি ফুলের গাছ দিয়ে সাজানো হলে নগরীর অন্য রকম চেহারা হতো। তখন প্রতিটি ঋতুতেই রাজধানীর অ্যাভিনিউগুলো বর্ণিল চেহারায় হাজির হতো নগরবাসীর সামনে।