
কালবৈশাখী, এর সঙ্গে কিছুটা বৃষ্টি। দুইয়ে মিলে ভরা চৈত্রে তেজ দেখাতে পারছে না সূর্য। তাই গরম কিছুটা কম। বরং দখিনা বাতাসে বসন্ত এখনো মধুর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন ঝড়-বৃষ্টি আরও কিছুদিন থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে গতকাল শুক্রবার বেশ বৃষ্টি হয়েছে। এর সঙ্গে বয়ে গেছে কালবৈশাখী। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫১ মিলিমিটার ও কুতুবদিয়ায় ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্ট্রগ্রামে ৩১ মিলিমিটার, কুমিল্লায় ২৭ মিলিমিটার, মাদারীপুরে ১৪ মিলিমিটার ও রাজধানী ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
এ কারণে এসব অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম। গতকাল ঢাকায় সর্বোচ্চ ৩৪ দশমিক ৫, চট্টগ্রামে ২৭ দশমিক ৮, সিলেটে ২৯ দশমিক ৩ ও রংপুরে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
তবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সূর্যালোক তেজ দেখাচ্ছে। সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ জন্য দেশের এই এলাকায় গরম পড়েছে প্রচণ্ড। খুলনায় ৩৬ দশমিক ৮ ও বরিশালে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ ধরনের ঝড়-বৃষ্টি হয়তো পয়লা বৈশাখে বাংলা নববর্ষের দিনও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, এখন কালবৈশাখীর জন্যই বৃষ্টি হচ্ছে। আরও কয়েক দিন আবহাওয়া এমন থাকবে। ৭ এপ্রিলের দিকে গরম কিছুটা বাড়বে। এর পর আবার কালবৈশাখী বয়ে যেতে পারে। এমন সামান্য বৃষ্টি নববর্ষের প্রথম দিনও হওয়া সম্ভাবনা আছে।