মে মাসে ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যার শঙ্কা

চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এপ্রিলে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যাও হতে পারে।

আজ সোমবার মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ মাসের প্রথম সপ্তাহে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আরেকটি নিম্নচাপ মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র দাবদাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং দেশের অন্য অঞ্চলে দু-একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) অথবা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) ধরনের দাবদাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এ বিষয়ে শাহিনুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখন বৃষ্টি হচ্ছে। ৪ থেকে ৫ মের দিকে এই বৃষ্টি কমে আসতে পারে। এরপর তীব্র দাবদাহের আশঙ্কা আছে। তখন না হলে ১২ মের পর আবার তীব্র দাবদাহের আশঙ্কা রয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও বলছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দু-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী এবং দেশের অন্যত্র পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

গত এপ্রিল মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, গত মাসে স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।