বায়ুদূষণ
বায়ুদূষণ

বায়ুদূষণ কমছেই না, বিশ্বের ১২২ নগরীর মধ্যে চতুর্থ ঢাকা

কম হোক, তবু রাজধানীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। আর এই জুন মাসের এ সময়ে দূষণ এমনিতেই কম থাকে। তবু আজ বুধবার সকালে বিশ্বের ১২২ নগরীর মধ্যে বায়ুদূষণে চতুর্থ ঢাকা।

আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৩৪। বায়ুর এ মান ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়। এই সংবেদনশীল জনগোষ্ঠীর মধ্যে আছে বয়স্ক ও শিশু, অন্তঃসত্ত্বা নারী, অসুস্থ ব্যক্তি। রাজধানীর আট স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে আছে উগান্ডার কাম্পালা। এ নগরীতে বায়ুর মান ১৭৩। সার্বিকভাবেই আজ বায়ুদূষণ বিশ্বে কম। সাধারণত এপ্রিল মাসের পর থেকেই বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ নগরীর আট এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে আগারগাঁও এলাকা। এ এলাকার বায়ুমান ১৪৭। বায়ুর মান ১৫০ হলেই তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০০ হলে তা হয় ‘খুব অস্বাস্থ্যকর’। আজ আগারগাঁওয়ের পর দূষণের তালিকায় আছে বারিধারা পার্ক রোড (১৪৫), বারিধারা লেক সাইড (১৩৯), গুলশান লেক পার্ক (১৩৭), বেচারাম দেউড়ি (১২৩), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১২৩), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১১২) ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১০২)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এটি বেশি প্রযোজ্য সংবেদনশীল গোষ্ঠীর জন্য। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে আজ। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।