বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম

ঢাকায় বায়ু দূষণের অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া
ফাইল ছবি

বিশ্বের ১০৬টি শহরের মধ্যে আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম।

আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ১০৮। বাতাসের এই মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সাধারণত বৃষ্টি হলে বায়ুর মান উন্নত হয়। তবে গত কয়েক দিনে পরিস্থিতির খুব বেশি উন্নতি লক্ষ করা যাচ্ছে না।

আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির স্কোর ১৬৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে কাতারের দোহা ও ইন্দোনেশিয়ার জাকার্তা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৬৪ ও ১৬২।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

সূচকে স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।