এমন শীত আর কদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে। দেশের ‘চায়ের রাজধানী’ নামে খ্যাত শ্রীমঙ্গলের চা–বাগানে ঘন কুয়াশা পড়েছে
ছবি: শিমুল তরফদার

দেশের তিনটি এলাকাকে ‘শীতের হটস্পট’ বলেন আবহাওয়াবিদেরা। সেগুলো হলো পঞ্চগড়ের তেঁতুলিয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গা। এর মধ্যে আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।

শীতের যেসব ‘হটস্পটের’ কথা বলা হলো, এর বাইরে এবার নওগাঁর বদলগাছিতে বেশ শীত পড়েছে। চলতি মাসে দুই দিন বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। গতকাল বৃহস্পতিবারও বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে এর এক দিন পরই সর্বনিম্ন তাপমাত্রা হলো শ্রীমঙ্গলে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শীত বেড়েছে বেশির ভাগ জায়গায়। কিছু জায়গায় আবার তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের ৪৩টি স্টেশনের হিসাব বলছে, ২৫টিতে তাপমাত্রা কমেছে, ১৫টিতে বেড়েছে। আর অপরিবর্তিত আছে ৩টিতে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, গতকালের তুলনায় আজ বেশ কয়েকটি স্টেশনে তাপমাত্রা কমেছে। আবার কয়েকটি স্টেশনে বেড়েছে।শীতের এই প্রবণতা আরও তিন দিন থাকতে পারে। এর পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সবখানে আবহাওয়া শুষ্ক থাকবে। নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ পড়তে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের সব জেলায় এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, কুমিল্লা, ফেনী, যশোর, ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যবাহ বয়ে যেতে পারে।

গতকালের চেয়ে আজকে দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও ঢাকায় বেড়েছে। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, ঢাকায় রোদ থাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে।