আধুনিক কৃষিযন্ত্র নিয়ে কাজ করছে এসিআই

দেশে তৈরি যন্ত্রে চাষের কাজ হচ্ছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আধুনিক কৃষিযন্ত্রপাতি নিয়ে কাজ করছে এসিআই। কৃষির উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটিতে আসছে নতুন নতুন যন্ত্রপাতি।

এসিআই মোটরস লিমিটেড ২০১৮ সালে মানিকগঞ্জ জেলার অদূরে জাইগির বাণিজ্যিক এলাকায় প্রতিষ্ঠা করেছে এসিআই অ্যাগ্রি মেশিনারি ফ্যাক্টরি। সম্প্রতি (২৯ নভেম্বর) এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কারখানা পরিদর্শন করেন।

মানিকগঞ্জের এই কারখানায় যৌথভাবে কাজ করছে ইয়ানমার ও এসিআই। ২০১৮ সালে এসিআই মোটরস বাংলাদেশে সেরা মানের হারভেস্টার ও ট্রান্সপ্ল্যান্টার সরবরাহের জন্য ইয়ানমারের সঙ্গে চুক্তি করে। ১৯১২ সালে জাপানের ওসাকায় প্রতিষ্ঠিত ইয়ানমার আধুনিক কৃষিযন্ত্রপাতি তৈরিতে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য প্রতিষ্ঠান। বর্তমানে ইয়ানমার বিশ্বের ১৩০টি দেশে আধুনিক কৃষিযন্ত্রপাতি সরবরাহ করে। অন্যদিকে এসিআই মোটরস দেশের বৃহৎ কৃষিযন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান। ২০০৭ সালে যাত্রা শুরু করে এ দেশের কৃষিতে অনন্য অবদান রেখে আসছে তারা।

কারখানা পরিদর্শনের আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি কারখানা ঘুরে এসিআইয়ের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য দেখেন এবং প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

আধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজ করছে এসিআই

সুব্রত রঞ্জন দাস বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে কৃষিক্ষেত্রের ভূমিকা অপরিসীম। এসিআই মোটরস লিমিটেড কৃষিক্ষেত্রকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রগতিশীল ভূমিকা পালন করে আসছে যাত্রার শুরু থেকে, যার ফলে এসিআই মোটরস লিমিটেড উন্নত গুণগত মানের কৃষিযন্ত্রপাতি বাজারজাত করে দেশের কৃষক ও মানুষের খাদ্য উৎপাদনকে গতিশীল করার ক্ষেত্রে অত্যাবশ্যক ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশের কৃষিযন্ত্রাদির মধ্যে স্থানীয় কৃষিযন্ত্রাদি গ্রামীণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়, যার মধ্যে উল্লেখযোগ্য কৃষিযন্ত্র হলো ধান ও ভুট্টা মাড়াইকল এবং হ্যান্ড পাওয়ারটিলার। বর্তমানে এসব পণ্যের বাৎসরিক মার্কেট-সাইজ প্রায় ৫০০ কোটি টাকা।’

দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন মেশিনারিতে দেশের জন্য স্থানীয় কৃষিযন্ত্রাদি তৈরি করছে এসিআই। এর মধ্যে রয়েছে সিএনসি ক্যার্টিং মেশিন, অত্যাধুনিক লেথে সেকশন, হাইড্রোলিক প্রেসব্রেক মেশিন ইত্যাদি। বর্তমানে এসিআই অ্যাগ্রি মেশিনারি ফ্যাক্টরিতে প্রতিবছর গড়ে পাঁচ হাজার কৃষিপণ্য তৈরি হচ্ছে।

কৃষিতে আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছে এসিআই

এই প্রতিষ্ঠানের কল্যাণে স্থানীয় অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, যার মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসিআই। তেমনই একজন শাহ আলম। তিনি বলেন, ‘নিজের বাড়িতে থেকেই এসিআইয়ের কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার মতো এলাকার অনেক মানুষই আর্থিকভাবে বেশ ভালো আছে।’

শাহ আলমের মতো আরও ১৫০ জন লোক বর্তমানে এসিআই অ্যাগ্রি ফ্যাক্টরিতে কাজ করছেন, যাঁদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে তারপর পণ্য প্রস্তুতের কাজে সম্পৃক্ত করা হয়। একই সঙ্গে এসিআই মোটরস কর্তৃপক্ষ কর্মচারীদের নিরাপত্তার ব্যাপারেও খুব সতর্ক। নিরাপত্তা প্রশিক্ষণের অংশ হিসেবে এসিআই অ্যাগ্রি ফ্যাক্টরিতে নিয়মিত ফায়ার ও ফার্স্টএইডবিষয়ক ড্রিল আয়োজন করা হচ্ছে।

মানিকগঞ্জ জেলার অদূরে জাইগির বাণিজ্যিক এলাকায় প্রতিষ্ঠিত এসিআই অ্যাগ্রি মেশিনারিজ কারখানা

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এসিআই মোটরস লিমিটেড ভবিষ্যতে এই অ্যাগ্রি মেশিনারি ফ্যাক্টরির মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করার পরিকল্পনা ও বাস্তবায়ন করবে, যার মধ্যে হারভেস্টার, ড্রায়ারসহ বিভিন্ন অ্যাডভান্সড টেকনোলজিসম্পন্ন কৃষিযন্ত্রপাতি উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। এসিআই অ্যাগ্রি ফ্যাক্টরিকে এশিয়ার বৃহত্তম ও সর্বাধুনিক প্রযুক্তির কৃষিযন্ত্রপাতি উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে এসিআই মোটরস। পাশাপাশি দেশের কৃষিযন্ত্রপাতির ক্ষেত্রকে স্বনির্ভর ও সমৃদ্ধ করাও অন্যতম উদ্দেশ্য।