ডিসেম্বর চলে যাচ্ছে, শীত কম কেন

আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

ডিসেম্বর মাস প্রায় শেষ হয়ে এল। কিন্তু এ বছর রাজধানী বা দেশের অন্যত্র ডিসেম্বরের হাড় কাঁপানো শীত পড়েনি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বছরের ডিসেম্বর মাসে গত বছরের চেয়ে কম শীত পড়েছে। যদিও নভেম্বরে স্বাভাবিক শীত ছিল।

শীত কম পড়ার পেছনে কয়েকটি কারণও উল্লেখ করেছেন অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। যদিও তাঁদের কথা, ডিসেম্বরের শেষে শীত পড়তে পারে জাঁকিয়ে। তখন শৈত্যপ্রবাহও হতে পারে কয়েকটি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক প্রথম আলোকে বলেন, এবার নভেম্বরে বৃষ্টি না হওয়া ডিসেম্বরে কম শীত পড়ার একটি কারণ। কীভাবে? উত্তরে ফারুক বলেন, ‘সচরাচর নভেম্বর মাসে বৃষ্টি হলে তাতে জলীয় বাষ্প বৃষ্টি হয়ে ঝরে যায়। তখন বাতাসে আর জলীয় বাষ্প থাকে না। তাই আবহাওয়া শীতল থাকে। কিন্তু এবার নভেম্বর ছিল বৃষ্টিহীন। তাই জলীয় বাষ্প এখনো রয়ে গেছে। তাই শীতও কম।’

ডিসেম্বরে শীত কম হওয়ার আরও একটি কারণ তুলে ধরেন আবহাওয়াবিদ উমর ফারুক। সাধারণত উচ্চ চাপ বলয় ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাতে শীত পড়ে। কিন্তু এবার তা হয়নি এখনো।

তবে উচ্চ চাপ বলয় আসার সময় পেরিয়ে যায়নি বলেও জানান উমর ফারুক। তিনি বলেন, ডিসেম্বরের শেষ দিক অর্থাৎ ২৯ তারিখ থেকে শীত পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ডিসেম্বরে এ পর্যন্ত মাত্র তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০–এর নিচে গেছে। রাজধানীতে এক দিনও যায়নি। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিসেম্বর, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ও দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছিতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল কক্সবাজারের টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।