‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়বিষয়ক জাতীয় সেমিনারের বক্তারা
‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়বিষয়ক জাতীয় সেমিনারের বক্তারা

সেমিনারে তথ্য: কৃষিবাস্তুসংস্থানভিত্তিক চর্চা দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ায়

কৃষিবাস্তুসংস্থানভিত্তিক (অ্যাগ্রোইকোলজি) কৃষিচর্চা উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে পারে। কারিতাস বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে, এ ধরনের কর্মসূচির আওতায় থাকা পরিবারগুলো দুর্যোগের পর নিজেদের সঞ্চয় ব্যবহার করে পরিস্থিতি সামাল দিতে এবং দ্রুত কৃষিকাজ ও স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। অন্যদিকে প্রকল্পের বাইরের পরিবারগুলোর মধ্যে ঋণ বা বাকির ওপর নির্ভরতার প্রবণতা বেশি ছিল।

‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়বিষয়ক জাতীয় সেমিনার গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কারিতাস বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।

গবেষণায় দেখা যায়, প্রকল্পভুক্ত পরিবারের ৯৮ শতাংশ কৃষক মাঠবিদ্যালয়ে (ফার্মার ফিল্ড স্কুল) অংশ নিয়েছেন এবং ৯৭ শতাংশের বীজ ব্যাংকে প্রবেশাধিকার ছিল। প্রকল্পের বাইরে থাকা পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ছিল মাত্র ৪ শতাংশ। দুর্যোগ-পরবর্তী সময়ে প্রকল্পভুক্ত পরিবারের ৭৩ শতাংশ নিজেদের সঞ্চয় ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলা করেছে। বিপরীতে প্রকল্পের বাইরের ৫৪ শতাংশ পরিবার ঋণ বা বাকির ওপর নির্ভর করেছে। প্রকল্পভুক্ত পরিবারগুলো কৃষিপদ্ধতিতে পরিবর্তন আনা এবং আয়ের উৎস বহুমুখী করার ক্ষেত্রেও তুলনামূলক বেশি উদ্যোগী হয়েছে।

গবেষণার ফলাফল উপস্থাপন করেন অস্ট্রিয়ার বকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাইকেল হাউজার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান মো. আবদুছ ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আফছার আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির, ক্যাফোডের প্রতিনিধি রিচার্ড স্লোম্যান এবং যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন ও কমনওয়েলথ দপ্তরের (এফসিডিও) হিউম্যানিটারিয়ান টিম লিডার এলি মুডি।

সেমিনারে প্যানেল আলোচক ছিলেন উবিনীগের নির্বাহী পরিচালক ও সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার, এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) কে এম মামুন উজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী কামরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব রাব্বানী, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।

ফরিদা আখতার বলেন, জলবায়ু পরিবর্তন এখন দুর্যোগে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে কৃষকের বীজ সংরক্ষণ জরুরি। দুর্যোগের পর ব্যবহারের জন্য কৃষকদের কাছে কিছু বীজ আপৎকালীন মজুত হিসেবে রাখতে হবে। কৃষকের নিজস্ব বীজ নিরাপদ রাখার পাশাপাশি তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও লোকজ জ্ঞানকে গুরুত্ব দিতে হবে। কৃষিব্যবস্থার উন্নয়নের নামে কৃষকের নিজস্ব জ্ঞান যেন হারিয়ে না যায়, সেদিকেও নজর রাখতে হবে।

প্রধান অতিথি আবদুছ ছালাম বলেন, ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় এখন থেকেই সচেতন হতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে কৃষিবীজ সংরক্ষণ এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তি কাজে লাগানো প্রয়োজন।

লেখক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা বলেন, উপকূলের সমস্যাগুলো গভীরভাবে বিবেচনা করতে হবে। কৃষকের কাছে আধুনিক প্রযুক্তির সুযোগ নিশ্চিত করার পাশাপাশি মাটি ও লোকজ জ্ঞানের প্রতিও গুরুত্ব দিতে হবে।

কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কারিতাস দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রান্তিক ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলার কর্মপরিকল্পনা নির্ধারণে এ গবেষণা সহায়ক হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের কর্মসূচি পরিচালক অপূর্ব ম্রং।

গবেষণার সুপারিশে উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি কৃষিবাস্তুসংস্থানভিত্তিক কর্মসূচি সম্প্রসারণ, কৃষি প্রশিক্ষণের সঙ্গে দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম যুক্ত করা এবং কৃষক দল ও স্থানীয় প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে। পাশাপাশি সঞ্চয় ও আয়ের উৎস বহুমুখীকরণের মাধ্যমে ঋণনির্ভরতা কমানো এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা ও বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-তে এ ধরনের কৃষিচর্চা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।