চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে ডলফিনের ‘অভয়াশ্রম’ হিসেবেই ধরা হয়। অথচ এই অভয়াশ্রমই অনিরাপদ হয়ে উঠেছে ডলফিনের জন্য। পাঁচ বছর ধরে এই নদীতে প্রাণ হারাচ্ছে মিঠাপানির অতি বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীটি।
চলতি বছর এ পর্যন্ত ছয়টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বেশির ভাগের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। হালদায় একের পর এক মৃত ডলফিন উদ্ধারের বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন গবেষকেরা।
নৌযানের প্রপেলার, বালু–পাথর পরিবহনের ইঞ্জিনচালিত নৌকা–বাল্কহেড ও বালু তোলার যন্ত্র ড্রেজারের আঘাত, দূষণ, লবণাক্ততা এবং জালে আটকে ডলফিন মারা যাচ্ছে বলে জানালেন বিশেষজ্ঞরা। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৩৯টি ডলফিন মারা যায় বলে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সূত্র জানা গেছে।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনজুরুল কিবরীয়া বলেন, হালদা ডলফিনের জন্য অভয়াশ্রম। অথচ সেখানেই অর্ধেক ডলফিনের মৃত্যু হয়েছে আঘাতের কারণে। এ ছাড়া জালে আটকেও মারা গেছে কয়েকটি। ডলফিনের এই প্রজাতি খুবই বিপন্ন অবস্থায় রয়েছে। এটি রক্ষা করতে প্রশাসন, জেলে ও স্থানীয় বাসিন্দাদের একযোগে কাজ করতে হবে।
হালদা রিভার রিসার্স ল্যাবরেটরি সূত্র জানায়, মারা যাওয়া ডলফিনগুলোর মধ্যে ২০টি আঘাতজনিত সমস্যায় এবং তিনটি জালে আটকা পড়েছিল। এ ছাড়া তিনটিকে হত্যা করা হয়। বাকি ১৩টি পচে গিয়েছিল বলে মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। হালদায় বর্তমানে ১৪৭টি ডলফিন রয়েছে।
সর্বশেষ গত ২১ জুলাই হালদা নদীর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির পেটে ধারালো কিছুর আঘাত শনাক্ত করা হয়েছে। এটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। ওজন প্রায় দেড় মণ।
বিশেষজ্ঞদের মতে, হালদার দুই তীরের প্রতিরোধ বাঁধের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। চার বছর ধরে চলা এই প্রকল্পটির বালুভর্তি বাল্কহেড চলে হালদার ওপর দিয়ে। বাল্কহেডের আঘাতজনিত সমস্যায়ও ডলফিনের মৃত্যুর নজির রয়েছে।
জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম প্রথম আলোকে বলেন, হালদায় জাল দেওয়ার প্রবণতা আগের চেয়ে কিছুটা কমেছে। তবে চুরি করে বসায়। পানি উন্নয়ন বোর্ডের বাল্কহেড ও নৌযান চলাচলও এখন বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মতে, হালদার ডলফিনের মূল বিচরণক্ষেত্র নদীটির ছত্তার খালের মুখ থেকে মদুনাঘাট এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায়।
স্থানীয় ভাষায় উতোম কিংবা শুশুক নামে পরিচিত মিঠাপানির এই প্রাণী হচ্ছে গাঙ্গেস বা গাঙ্গেয় ডলফিন। সাধারণত দূষণমুক্ত পরিষ্কার পানিতে গাঙ্গেয় ডলফিনের বিচরণ। বাংলাদেশের পদ্মা, সুন্দরবনের আশপাশে, কর্ণফুলী, হালদা ও সাঙ্গু নদ–নদীতে অতিবিপন্ন প্রজাতির এই ডলফিন দেখা যায় এখন।
হালদার পাশাপাশি কর্ণফুলী নদীতেও ডলফিনের বসবাস রয়েছে। দূষণ এবং নৌযানের কারণে সেখানেও স্বস্তিতে নেই প্রাণীটি। হালদার মতো কর্ণফুলী নদীতে অভিযান চলে না। কর্ণফুলীতে কী পরিমাণ ডলফিন রয়েছে, তার কোনো জরিপ হয়নি।
চলতি অক্টোবর মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক রাসেলের নেতৃত্বে কর্ণফুলী নদীর দুই পাড়ের জীববৈচিত্র্য এবং দূষণ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে নদীর দুটি স্থানে ডলফিনের দেখা যাওয়ার কথা উল্লেখ করা হয়।
কর্ণফুলী নদীর শিকলবাহা ও বোয়ালখালী পয়েন্টে ডলফিনের আবাস রয়েছে। ওই স্থানে নৌ চলাচল কিছুটা কম। কিন্তু দূষণের কারণে ডলফিন প্রতিনিয়ত হুমকিতে রয়েছে বলে গবেষকেরা জানান।