বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা চতুর্থ

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা
ফাইল ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ মঙ্গলবার ঢাকার অবস্থান চতুর্থ। আজ সকাল ১০টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯১ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

দূষিত বায়ুর শহরের তালিকায় পাকিস্তানের করাচির অবস্থান প্রথম (স্কোর ২১৪)। চীনের বেইজিংয়ের অবস্থান দ্বিতীয় (স্কোর ২১৪)। পাকিস্তানের লাহোরের অবস্থান তৃতীয় (স্কোর ২০৫)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। এটি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। ঢাকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায়, বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকাবাসী সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে। জানুয়ারি মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণস্থানের ধুলো।