
বিশ্বের ১০৫টি শহরের মধ্যে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার অবস্থান ১৬তম। বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ৮২। বাতাসের এই মান মাঝারি বা গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়।
আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ইন্দোনেশিয়ার কুচিং। শহরটির স্কোর ১৬১। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৮ ও ১৫৭।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।