রাজধানীতে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে এক রিকশাচালক। সদরঘাট এলাকা থেকে তোলা
রাজধানীতে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে এক রিকশাচালক। সদরঘাট এলাকা থেকে তোলা

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, থাকতে পারে কয় দিন, জানিয়েছে আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে আজ সোমবার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকেই শুরু হয়েছে সরকারি ছুটি। ইতিমধ্যে মানুষ রাজধানী থেকে গ্রামের বাড়ির দিকে যেতে শুরু করেছেন। এর মধ্যে এই বৃষ্টি অনেক স্থানে ভোগান্তি সৃষ্টি করেছে। তবে প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টি আবার কিছুটা স্বস্তিও দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র আজ বেলা দুইটার দিকে জানায়, রাজধানীতে বিকেলের মধ্যেই মেঘ কেটে যেতে পারে। বৃষ্টি বাড়তে পারে নোয়াখালী ও কুমিল্লা এলাকায়। তবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে।

আজ দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়।

তবে শুধু রাজধানীতেই নয়, ময়মনসিংহে ৪৭ মিলিমিটার, বগুড়ায় ৬১ মিলিমিটার, রংপুরে ৪০ মিলিমিটার ও টাঙ্গাইলে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যার পর্যন্ত বিশেষ করে দক্ষিণ–পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে নোয়াখালী ও কুমিল্লাও আছে।

বৃষ্টির মধ্যেই রাজধানীর রাস্তায় চলাফেরা। সদরঘাট এলাকা থেকে তোলা

আজ সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তিনি জানান, আগামীকাল ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে আজকের মতো বৃষ্টি না–ও হতে পারে। আগামী বুধবার আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানান তিনি।