জাতীয় নদী দিবসে আলোচনা সভা

অবৈধ বালু উত্তোলনে জড়িত ২৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জাতীয় নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এবং নদী রক্ষাবিষয়ক ১২টি সংগঠন যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করে। আগারগাঁও পর্যটন ভবন, রাজধানী, ২৩ সেপ্টেম্বর  
ছবি: সংগৃহীত

দেশের মোট ২৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান নদ-নদী থেকে অবৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলন করছে। যাঁদের মধ্যে ৫২ জন সরাসরি রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতা; ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আজ শনিবার রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে জাতীয় নদী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেশের বালুমহালের ওপর করা একটি গবেষণা ফলাফল তুলে ধরা হয়। সেখানেই এসব কথা বলা হয়েছে।

আজকের সভাটি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং নদী রক্ষাবিষয়ক ১২টি সংগঠন যৌথভাবে আয়োজন করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নদী রক্ষা আন্দোলনের নেতারা এতে বক্তব্য দেন।

বক্তারা বলেন, পদ্মা, মেঘনা, যমুনাসহ দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীগুলো অবৈধ বালু উত্তোলনের নির্মম শিকারে পরিণত হয়েছে। নদ-নদী ছাড়াও হাওর, খাল, বিল ও বঙ্গোপসাগর থেকেও রাজনৈতিকভাবে প্রভাবশালীরা যথেচ্ছভাবে বালু তুলছেন। এতে নদীর পাড় ভাঙন থেকে শুরু করে গতিপথ বদলে যাওয়া এবং মাছ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী দখল ও দূষণের পাশাপাশি এসব অপতৎপরতা দেশের নদ-নদীর জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। তাঁরা দেশের নদীদূষণ, দখল এবং বালু উত্তোলন বন্ধ করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। জাতীয় নদী রক্ষা কমিশনের তৈরি দেশের নদ-নদীর তালিকা নিয়েও প্রশ্ন তোলেন।

মূল প্রবন্ধে দেশের বালুমহালের ওপরে করা গবেষণা ফলাফল তুলে ধরে রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, দেশের কোন নদীতে কী পরিমাণে বালু আছে, সেগুলোর কতটুকু উত্তোলন করা যাবে এবং কোথা থেকে তোলা উচিত—এ ব্যাপারে কোনো সমীক্ষা নেই। অথচ সরকার দেশের বিভিন্ন নদ-নদীর ৫৫৫টি স্থানকে বালুমহাল ঘোষণা করেছে। এর ৫৪ শতাংশ আবার বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হয়েছে। এগুলোর বাইরেও দেশের ৭৭টি নদীর ১৪২টি এলাকা থেকে প্রভাবশালীরা বালু উত্তোলন করছেন। আবার তাঁরা ইজারা নিচ্ছেন এক জায়গার আর বালু তুলছেন আরেক জায়গা থেকে। ফলে নদী ও বসতি এলাকা—সবখানে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে।

দেশের নদ-নদীগুলোর কোন এলাকা থেকে কতটুকু বালু উত্তোলন করা যাবে, তার একটি পূর্ণাঙ্গ সমীক্ষা করার আহ্বান জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, এ ধরনের সমীক্ষা ছাড়া বালু উত্তোলন করলে দেশের সব জলাভূমি নষ্ট হয়ে যাবে।

অনুষ্ঠানের সঞ্চালক ও বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের নদ-নদীগুলোর স্বাস্থ্য কেমন আছে, তা নিয়মিতভাবে তদারকি ও বোঝার জন্য রিভার হেলথ কার্ড তৈরি করতে হবে। ওই কার্ড থেকে বোঝা যাবে নদীগুলোর পরিবেশগত ও নাব্যতার স্বাস্থ্য খারাপ নাকি ভালো হলো। দেশের কোথাও নদী দখল বা দূষণ হলে তা জানানোর জন্য একটি হটলাইন নম্বর চালু করতে সরকারে প্রতি আহ্বান জানান তিনি। দেশের নদ-নদীগুলোয় বিপুল পরিমাণে প্লাস্টিক সামগ্রী ফেলা হচ্ছে অভিযোগ তুলে রিজওয়ানা হাসান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কাছে দেশের নৌযানগুলোয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী বন্ধ করার দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, দেশে দূষণের অন্যতম উৎস ভূমি। জাহাজ থেকে হয় ৫ থেকে ৭ শতাংশ। এ ছাড়া জাহাজ বানানোর কারখানা বা শিপ বিল্ডিংয়ের কারণেও দূষণ হচ্ছে। ঢাকায় ১৩০টি দূষণের উৎসমুখ চিহ্নিত হয়েছে। কিন্তু এসব উৎস বন্ধ করলে ঢাকায় বাস করা অসম্ভব হয়ে যাবে। বালু উত্তোলনের জায়গাগুলো পরিদর্শন করতে হবে, কতটুকু বালু তোলা হবে, কোথা থেকে তুলতে হবে, নির্দিষ্ট করতে হবে।

আরিফ আহমেদ আরও বলেন, ‘নদী রক্ষা কমিশনের খসড়া তালিকার পাশাপাশি আমরা সিটি জরিপের (নগর জরিপ) মানচিত্র ধরে নদীর পথ তৈরি করতে একটি প্রকল্প চালাচ্ছি। এ ছাড়া এক মাসের মধ্যে দেশের সব নদীবন্দরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।’

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘বাংলাদেশের নদীমাতৃক দেশ হলেও নদীর সঙ্গে আমাদের দূরত্ব হয়ে গেছে। নদীকে জানতে হলে নদীতে যেতে হবে, ঘুরতে হবে, নদীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে।’

অনুষ্ঠানে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রধান নিত্য রাজবংশী বলেন, ‘একসময় ঢাকার নদীগুলোর মাধ্যমে ভালোভাবে জীবন ধারণ করতে পারতাম। কিন্তু দূষণের কারণে বর্তমানে জেলেরা তিন-চার মাস মাছ ধরে আর বাকি সময় বেকার থাকে।’

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের আর্থিক সহায়তায় অনুষ্ঠানটির যৌথ আয়োজনে ছিল বাংলাদেশ নাগরিক আন্দোলন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টার (আরডিআরসি), বাংলাদেশ নদী পরিব্রাজক দল, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট, নদী অধিকার মঞ্চ, রিভার বাংলা, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেন্টার ফর ট্যুরিজম স্টাডি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ও নোঙর ট্রাস্ট।