শরতের সকাল, সেই বার্তা রাজকীয় ভঙ্গিতে ঘোষণা করছে বিলের পাড়ে থাকা গুচ্ছ গুচ্ছ সাদা কাশফুলেরা। কিন্তু নীলাকাশে আজ সাদা মেঘের ভেলা নেই, বরং আছে মুখ কালো করে থাকা ছাই রঙের আকাশ আর জলভরা মেঘ। এমন এক সকালে টাঙ্গাইলের খাকজানা গ্রামে হাঁটতে হাঁটতে দেখা হলো দুটি জগডুমুরগাছের সঙ্গে। একটা পুকুরপাড়ের দুই দিকে দুটি বিশাল জগডুমুরগাছ বর্ষার জলভরা পুকুরটার ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। গাছ দুটি ২৫-৩০ ফুট লম্বা, বেশ মোটাসোটা গাছের গুঁড়ি, ওপরের দিকে এলোমেলোভাবে ছড়ানো ডালপালা। গাছের গুঁড়ি আর ডালপালা মসৃণ ও ধূসর বাদামি। কিন্তু সেই বাকলের রং ঢাকা পড়ে আছে ঠাসা ঠাসা গোল গোল ফলে, বিশেষ করে বয়স্ক ডাল বা গুঁড়িতে। কাঁচা ফলগুলোর রং উজ্জ্বল সবুজ, পাকা ফলের রং লালচে মেরুণ। কাঁচা ফলগুলো পাকা ফলের চেয়ে তুলনামূলকভাবে আকারে ছোট। ফলের খোসা প্রায় মসৃণ। কথায় বলে, ডুমুরের ফুল, মানে যে ফুল ফোটে, কিন্তু দেখা যায় না। জগডুমুরের ফুলও তাই, ফলের ভেতরে ফুল থাকে। পাতা উপবৃত্তাকার-ডিম্বাকার, অগ্রভাগ সুচাল, অন্য ডুমুরের মতো খসখসে নয়। মাঝেমধ্যে পাতা ঝরে যায়।
পাকা ফলগুলো দেখে সত্যিই লোভ হলো, ইশ, আঙুরের মতো থোকা ধরা ফল! যদি খাওয়া যেত! গ্রামের বাসিন্দা রহিমা বানুকে জিজ্ঞেস করতেই জানা গেল, গ্রামের কেউ কখনো জগডুমুর খায় না। পাখিরা খায়। পাকা ফল হালকা মিষ্টি। সত্যিই তো, মানুষ যদি সব ফল খেত, তাহলে পাখিরা কী খেত?
পাখি ও বন্য প্রাণিবিশারদ শরীফ খান জানালেন, ফলখেকো প্রায় সব পাখিই জগডুমুরের পাকা ফল খায়, বিশেষ করে ছাতার, হরিয়াল ও ঘুঘুদের খুব পছন্দ। এ ছাড়া কাঠবিড়ালি, লম্বালেজী ইঁদুর, গন্ধগোকুল, বাদুড়, বানর—এরাও পাকা ফল খায়। গাছে কয়েক দফায় ফল ধরে বলে এসব বন্য প্রাণী পর্যাপ্ত ফল খেতে পারে। মজার ব্যাপার হলো, পাখিরা এই ফল খায় বলেই এদের নতুন করে গাছ জন্মে, মানুষ কখনো জগডুমুরগাছের চারা তৈরি করে না ও লাগায় না। পাখিরা পাকা ফল খেলে সেসব ফলের বীজ পাখিদের পেটের মধ্যে জারিত হয়, বিষ্ঠার সঙ্গে বীজ মাটিতে পড়লে সেখানে চারা গজিয়ে ওঠে। এভাবেই প্রাকৃতিকভাবে জগডুমুরের গাছ টিকে আছে। কিন্তু বর্তমানে আবাসস্থল ধ্বংসের কারণে জগডুমুরের গাছ অনেক কমে যাচ্ছে। এ গাছের কাঠ নরম বিধায় তা দিয়ে দেশলাইয়ের বাক্স তৈরি হয়। তেমন ব্যবহার না থাকায় লোকেরা এই গাছ লাগায় না। একটা ফলের ভেতরে গড়ে ১ হাজার ৬২৮টি বীজ থাকে। গবেষণায় দেখা গেছে, বীজ থেকে চারা তৈরি করা যায়, তবে বীজ গজানোর হার মাত্র ৫ থেকে ১১ শতাংশ। ডালের কাটিং করে চারা তৈরি করা যায়। সে ক্ষেত্রেও সফলতার হার মাত্র ১০ শতাংশ। তবে ডালে গুটিকলম করলে সফলতা পাওয়া যায় প্রায় ৮০ শতাংশ।
হিন্দুদের অন্নপ্রাশন, উপনয়ন, বিয়ে, শ্রাদ্ধ, দুর্গাপূজা ইত্যাদির হোমাগ্নিতে আহুতি দেওয়ার জন্য যজ্ঞডুমুর ডালের ডগার দরকার হয়। যজ্ঞডুমুর, ডুমুর, বট, অশ্বত্থ, পাকুড়—এগুলো সবই এক গোত্রের গাছ, পরিবার বা গোত্র মোরেসি। এসব গাছে ঘন দুধের মতো আঠা আছে। এ জন্য এগুলোকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় ক্ষীরীবৃক্ষ। শরীরের কোনো জায়গায় গ্রন্থি ফুলে গেলে সেখানে এর আঠা লাগিয়ে দিলে প্রদাহ ও ব্যথা কমে যায়। এ ছাড়া জগডুমুর ইঁদুর-বিড়াল বা ভিমরুল কামড়ালে যে জ্বালা হয়, তা–ও কমায়। জগডুমুরের অন্য নাম জগাডুমুর ও গুলংডুমুর। চাকমা ভাষায় জইগ্যা ডুমুর, মারমা ভাষায় সনাক, ইংরেজিতে বলে ক্লাস্টার ফিগ বা রেডউড ফিগ, উদ্ভিদতাত্ত্বিক নাম Ficus racemosa.