পন্থ পরিযায়ী পাখি

হঠাৎ দেখা নীলশির দামা 

ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে একটি পুরুষ নীলশির দামা
ছবি: মো. ইমরুল হাসান

মান্দারগাছের টকটকে লাল ফুলে পাখির ছবি তুলব বলে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে যাওয়ার পরিকল্পনা করছি। এমন সময় খবর এল মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে নীল মাথার বিরল একটি পাখি দেখা গেছে। 

দ্রুত ক্যামেরা গুছিয়ে ছুটলাম। ঠিক সকাল ৯টায় স্পটে গিয়ে পৌঁছালাম। কিন্তু ওখানে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল। কারণ, জায়গাটি লোকে লোকারণ্য, এ যেন পক্ষী আলোকচিত্রীদের মিলনমেলা! এত লোক থাকলে কীভাবে পাখিটির দেখা পাব, তা নিয়ে শঙ্কিত হয়ে পড়লাম। দীর্ঘ সোয়া দুই ঘণ্টা অপেক্ষার পরও আরাধ্য পাখিটির দেখা পেলাম না। এরই মধ্যে বেশ কজন পক্ষী আলোকচিত্রী অধৈর্য হয়ে বাড়ি চলে গেল। কিন্তু যে সংখ্যক আলোকচিত্রী গেল, তার চেয়েও বেশি এসে হাজির হলো। এতে পাখিটিকে দেখার সম্ভাবনা আরও কমে গেল। এসবই যখন ভাবছি, তখন হঠাৎ কোত্থেকে পাখিটি এসে ঝোপের সামনে নামল। নেমেই ওর প্রিয় খাবার শূককীট খেতে শুরু করল। তখন ঠিক ১১টা ১৭ মিনিট ৫৬ সেকেন্ড। একটিমাত্র সাক্ষী ছবি তুলতে তুলতে পাখিটি পালিয়ে গেল।

মিনিট দশেক পর আবারও এল। ১ মিনিট ২০ সেকেন্ড থাকল। মাটি থেকে শূককীট তুলে মজা করে খেল। আর আমরাও চুপি চুপি ছবি তুললাম। তবে ঝোপের সামনেটা অন্ধকারাচ্ছন্ন হওয়ায় ভালো ছবি হলো না। পরে আবারও এল ১১টা ৫৬ মিনিটে। এবার গাছে গাছেই থাকল। প্রায় ১১ মিনিট সময় দিল। কিন্তু বরাবরের মতোই অন্ধকারাচ্ছন্ন জায়গায় থাকায় ছবি মোটামুটি মানের হলো। সেদিন স্ত্রীটির ছবি তুললেও পুরুষটির দেখা পেলাম না। যে কদিন ওখানে ছিল, শুধু স্ত্রীটিকেই দেখা গেছে, পুরুষটিকে নয়। ২০২২ সালের ৫ মার্চের ঘটনা এটি।

ঠিক সাড়ে সাত মাস পর পাখিটিকে আবারও দেখা গেল খোদ জাতীয় উদ্ভিদ উদ্যানেই। পক্ষী আলোকচিত্রী মো. ইমরুল হাসান ছাড়া আর কারও ওকে দেখার সৌভাগ্য হয়নি। তবে ইমরুলের একটিমাত্র তোলা ছবিই শ্রেষ্ঠ ছবির রূপ নিল। কারণ, সেটি ছিল অনিন্দ্যসুন্দর পুরুষ পাখিটির ছবি। 

এতক্ষণ যে পাখিটির গল্প করলাম, সে এ দেশের অনিয়মিত পন্থ-পরিযায়ী পাখি নীলশির দামা (ব্লু-ক্যাপড রক থ্রাস)। নামটি পশ্চিমবঙ্গে প্রচলিত। পাখিটির বৈজ্ঞানিক নাম Monticola cinclorhyncha। হিমালয়ের পাদদেশ অধ্যুষিত দেশগুলো, যেমন নেপাল, ভুটান, পাকিস্তান ও আফগানিস্তানের আবাসিক পাখিটি শীতে দক্ষিণ ভারত ও মিয়ানমারে পরিযায়ী হয়। শীতের আবাসে পরিযায়ন ও শীত শেষে ফেরার পথে কালেভদ্রে অল্প কদিনের জন্য এ দেশে বিশ্রাম নেয়। এসব পরিযায়ী পাখিকে বলা হয় পন্থ–পরিযায়ী। তাই সচরাচর মার্চ ও অক্টোবরে দেখা মেলে।

জাতীয় উদ্ভিদ উদ্যানে স্ত্রী নীলশির দামা

প্রাপ্তবয়স্ক নীলশির দামার দৈর্ঘ্য ১৬ থেকে ১৯ সেন্টিমিটার, প্রসারিত ডানা ৩৩ থেকে ৩৬.৮ সেন্টিমিটার ও ওজন ২৯ থেকে ৪১ গ্রাম। স্ত্রী-পুরুষের পালকের রঙে বিস্তর পার্থক্য থাকে, বিশেষত প্রজননকালে। এ সময় পুরুষের মাথা ও ঘাড়-গলা উজ্জ্বল আকাশি-নীল। চঞ্চু থেকে চোখ হয়ে একটি চওড়া কালো পট্টি পিঠের কালোর সঙ্গে মিশেছে। ডানার গোড়া গাঢ় নীল। ডানা ও লেজ চকচকে কালচে-নীল। ডানার মাঝখানে চকচকে সাদা ছোপ থাকে। লেজের তলা, বুক ও পেট উজ্জ্বল গেরুয়া-কমলা। চঞ্চু শ্লেটের মতো নীল, যার গোড়া বাদামি। চোখ কালো। পা, পায়ের পাতা ও আঙুল অনুজ্জ্বল বাদামি। প্রজননহীন ও প্রথম বছরের অপ্রাপ্তবয়স্ক পুরুষের পালক ফ্যাকাশে। কালচে পিঠ ঘিয়ে-হলদে ছিটযুক্ত, অনেকটা আঁশ-ছোপের মতো। অন্যদিকে স্ত্রীর পালক অত্যন্ত সাদামাটা। দেহের ওপরের পালক ধূসর জলপাই-বাদামি। পিঠের শেষভাগে কোমরের কাছে বাদামি ডোরাকাটা দাগ রয়েছে। দেহের নিচের অংশে হালকা ঘিয়ে-সাদার ওপর বড় বড় বাদামি আঁশ-ছোপ।

গ্রীষ্মে ওরা শুকনো খোলামেলা জঙ্গল, ঘাসে ঢাকা পাথুরে ঢাল ও পাইনগাছের বনে বাস করে। সচরাচর পাহাড়ের ১ হাজার থেকে ২ হাজার ২০০ ফুট উঁচুতে দেখা যায়। অন্যদিকে শীতের আবাসে ঘন কাষ্ঠল বন-বাগান ও বাঁশঝাড়ে বিচরণ করে। সচরাচর একাকী বা জোড়ায় থাকে। গাছপালার ওপর কিংবা মাটি থেকে পোকামাকড়, শূককীট, পাকা ফল ইত্যাদি খুঁজে খায়। মাঝেমধ্যে লেজ নাড়ায়। শীতে চুপচাপ থাকলেও গ্রীষ্মে ‘পেরি-পেরি...’, ‘পিইই-পিইই-পিইই...’, ‘গেইঙ্ক-গেইঙ্ক...’ বা ‘টি-টিউ, টি-টিউ, টিলো-টিউ...’, শব্দে ডাকে। 

এপ্রিল থেকে জুন প্রজননকাল। এ সময় আবাস এলাকায় পাথর বা বোল্ডারের খাঁজে বা মাটির ওপর শিকড়-বাকড়ে অথবা অল্প উচ্চতায় বাঁশের কঞ্চির খাঁজে কাপের মতো ছোট কিন্তু অগোছালো বাসা বানায়। ডিম পাড়ে চারটি, গোলাপি-সাদার ওপর লালচে-বাদামি গাঢ় ছোপযুক্ত। প্রায় ১৫ দিন তা দেওয়ার পর ডিম ফোটে। বাসা বানানো, ডিমে তা দেওয়া ও ছানা লালন–পালনের কাজ স্ত্রী-পুরুষ মিলেমিশে করে। ছানারা প্রায় ১৬ দিনে উড়তে শেখে। তারপরও মা–বাবা আরও প্রায় দুই সপ্তাহ ওদের খাওয়ায়। আয়ুষ্কাল ৫ থেকে ১০ বছর।