
সকাল সকাল বাইক্কা বিলে এসেও কুয়াশার কারণে ঠিকমতো পাখি দেখতে পারলাম না, ছবি তোলা তো দূরের কথা! কুয়াশার চাদর ভেদ করে দুপুর সাড়ে ১২টার দিকে সূর্যি মামা উঁকিঝুঁকি মারতে শুরু করল। বেলা ঠিক একটায় পুরোপুরিভাবে সূর্য উঠল। চমৎকার আলো।
এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রয়াত মিরাস ভাইকে নিয়ে কোষা নৌকায় বিলের দিকে ছুটলাম। বিলের বিভিন্ন স্থানে নানা প্রজাতির পাখি দেখতে দেখতে একসময় এক প্রান্তে চলে এলাম। আর হঠাৎই কালোলেজ জৌরালির বড় ঝাঁকটি আমাদের সামনে থেকে উড়াল দিল। পুরো আকাশ যেন পাখিতে ছেয়ে গেল। দারুণ লাগছিল দেখতে।
পাখিগুলো যেখান থেকে উড়ল, তার ঠিক পেছনে আরেকটি ছোট ঝাঁকে কতগুলো সাদা-কালো লম্বাপেয়ে পাখি দেখলাম। লাল লাল পা ও কালো চঞ্চুর পাখিগুলোকে অত্যন্ত সুন্দর লাগছিল। ১১ জানুয়ারি ২০১৩–এর ঘটনা এটি। এর পর থেকে প্রতিবছর ওদের দেখছি মৌলভীবাজারের বাইক্কা বিল ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। পাখিটিকে প্রথম দেখেছিলাম ২০০০ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে।
৩০ জানুয়ারি ২০১৬–এর আরেকটি ঘটনা। পক্ষী আলোকচিত্রী সাজ্জাদ খানকে সঙ্গে নিয়ে দিনভর জিল্লাল মাঝির নৌকায় রাজশাহীর পদ্মা নদীতে ঘুরেও সাদা-কালো পাখিগুলোর দেখা পেলাম না। পরদিন আবারও পদ্মার পাড়ে গেলাম। তবে ভাগ্য বেশ খারাপ। পুরোটা নদী যেন কুয়াশার চাদরে ঢেকে আছে। নদীর পাড়ে অনেকক্ষণ অপেক্ষার পর সকাল ১০টার দিকে নুরু মাঝির ছোট্ট ইঞ্জিন নৌকায় চাপলাম।
আগের দিন ডান দিকে গিয়েছিলাম, আজ বাঁয়ে চললাম। কুয়াশা কেটে ধীরে ধীরে নৌকা এগিয়ে চলেছে। হঠাৎ একটা বড় খোঁপাডুবুরি পানির ওপর দিয়ে যেন হেঁটে চলে গেল! বেশ কিছুটা এগোনোর পর ছোট্ট একটি চরে এক জোড়া ভোঁদড়ের দেখা মিলল। ধীরে ধীরে নৌকা প্রবেশ করল চর খানপুরে। আর সঙ্গে সঙ্গেই আমাদের চোখ যেন ছানাবড়া। নুরু মাঝিকে নৌকার ইঞ্জিন বন্ধ করতে বললাম। ক্যামেরায় ক্লিকের বন্যা বয়ে গেল।
এত খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত পেলাম ওদের দেখা। একসঙ্গে ১৩টি পাখি ছিল। একই বছরের ৮ জানুয়ারিতে প্রথম ওদের দেখেছিলাম নিঝুম দ্বীপে, কিন্তু ভালো ছবি তুলতে পারিনি। তবে ১১ জানুয়ারি ২০২০–এ ফেনীর মুহুরী বাঁধ প্রকল্পে গিয়ে ওদের বেশ কিছু ভালো ছবি তুলতে পারলাম।
যে দুই প্রজাতির পাখি দেখার গল্প বললাম, ওরা কৃষিকানি বা রিকার্ভিরস্ট্রিডি গোত্রের পরিযায়ী পাখি। ওদের পা অত্যন্ত লম্বা এবং লম্বা চঞ্চুটি ওপরের দিকে বাঁকানো বা সোজা। আর এ কারণেই সাধারণভাবে ঢ্যাঙা পাখি নামে পরিচিত। হাওর, বিল, হ্রদ, বিভিন্ন ধরনের জলাশয়, লবণ চাষের জমিতে ওরা ছোট বা মাঝারি দলে বিচরণ করে।
অন্যান্য খাদ্যসন্ধানী জলচর পাখির মিশ্র দলেও থাকতে পারে। অগভীর পানিতে ধীরে ধীরে হেঁটে লম্বা চঞ্চু দিয়ে পানি বা কাদা থেকে প্রিয় খাবার, যেমন চিংড়ি, জলজ পোকামাকড় ও জলজ প্রাণী তুলে খায়। সারা বিশ্বে এই গোত্রের যে সাত প্রজাতির পাখি রয়েছে, তাদের মধ্যে শীতে এ দেশে এই দুটি প্রজাতি পরিযায়ী হয়ে ঝাঁকে ঝাঁকে আসে।
দুই প্রজাতির মধ্যে বাইক্কা বিলে যে লাল লম্বাপেয়ে সাদা–কালো পাখিগুলো দেখেছিলাম, ওরা এ দেশের দুর্লভ পরিযায়ী পাখি রামঠেঙ্গি, রণঠেঙ্গি, রাজ ঢ্যাঙা, লালপা ডেঙ্গা। পশ্চিমবঙ্গে বলে লাল ঠেঙ্গি বা লাল গোরি। ইংরেজি নাম ব্ল্যাক–উইঙ্গড স্টিল্ট। মূল আবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশ। অত্যন্ত লম্বা ও ছিপছিপে রামঠেঙ্গির দৈর্ঘ্য ৩৫-৪০ সেন্টিমিটার এবং ওজন ১৬৫-২০৫ গ্রাম। আকাশে ওড়ার সময় লম্বা পা দুটি দেহের পেছনে টেনে রেখে ‘কিপ–কিপ...’ বা ‘চেক–চেক–চেক...’ শব্দে ডাকতে থাকে।
রাজশাহীর পদ্মার চরে দেখা লম্বা পা এবং ওপরের দিকে বাঁকানো চঞ্চুর সাদা–কালো পাখিগুলোর নাম খোয়াজ, ঢ্যাঙা, চ্যাঙ্গা, চরখুঁচি, লাঙ্গল পাখি বা কুশিয়াচাহা (পশ্চিমবঙ্গ)। ইংরেজি নাম পাইড/ব্ল্যাক–ক্যাপড/ইউরেশিয়ান অ্যাভোসেট। দুর্লভ পাখিগুলোর মূল আবাস ইউরোপ, আফ্রিকা, সাইবেরিয়া, মধ্য এশিয়া ও মঙ্গোলিয়া। দৈর্ঘ্য ৪২–৪৬ সেন্টিমিটার এবং ওজন ২২৫–৩৯৫ গ্রাম।
স্ত্রী ও পুরুষ দেখতে একই রকম হলেও আকারে স্ত্রী খানিকটা খাটো। অদ্ভুতভাবে ওপরের দিকে বাঁকানো ৮–৯ সেন্টিমিটার লম্বা চঞ্চুটি পুরুষের তুলনায় স্ত্রীর ক্ষেত্রে বেশি বাঁকানো। সচরাচর তীব্র কণ্ঠে ‘ক্লু–ইট–ক্লু–ইট–ক্লু–ইট...’ শব্দে ডাকে। বিরক্ত হলে তীক্ষ্ণ¥কণ্ঠে ‘কিউইট–কিউইট–কিউইট...’ শব্দে অবিরাম ডাকতে থাকে।
উভয় প্রজাতির ঢ্যাঙা পাখিরই প্রজননকাল এপ্রিল থেকে আগস্ট। এ সময় ওরা নিজ আবাস এলাকার শুকনো মাটিতে ঘাস, লতাপাতা ও ক্ষুদ্র বস্তু দিয়ে স্তূপাকার বাসা বানায় ও তাতে তিন–পাঁচটি কালচে বা খয়েরি ছিটসহ জলপাই রঙের ডিম পাড়ে। বাসা বানানো, ডিমে তা দেওয়া ও ছানাদের লালন–পালন স্ত্রী-পুরুষ মিলেমিশে করে। ডিম ফোটে ২২–২৬ দিনে। ছানারা দ্রুত বাড়ে। প্রায় দুই বছর বয়সে প্রজননক্ষম হয়। আয়ুষ্কাল ৭–৯ বছর। পরিযায়ী পাখিগুলোর এ দেশে আসার সময় হয়ে গেছে।
আ ন ম আমিনুর রহমান, পাখি ও বন্য প্রাণী প্রজনন ও চিকিৎসাবিশেষজ্ঞ